ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় মার্চ থেকে শুরু হওয়া ন্যাটোর বিমান হামলায় এ পর্যন্ত ৭ শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।
লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, ন্যাটোর হামলায় ৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। অবশ্য তার দেওয়া পরিসংখ্যানের সত্যতা যাচাইয়ের জন্য কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে মুসা ইব্রাহিম ন্যাটোর বিরুদ্ধে লিবিয়ার শত শত মানুষ হতাহতের এই অভিযোগ উত্থাপন করেন বলে বিবিসি জানায়।
ইব্রাহিম বলেন, "গত ১৯ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত ৭১৮ জন নিহত হয়েছে যাদের মধ্যে সাধারণ মানুষও রয়েছে। পাশাপাশি ৪ হাজার ৬৭ জন মানুষ আহত হয়েছে। এদের মধ্যে ৪৩৩ জনের অবস্থা গুরুতর।"
তিনি হতাহতের পরিসংখ্যান উল্লেখ করলেও সেনা হতাহতের বিষয়ে কোনোকিছু উল্লেখ করেননি।
সংবাদ সম্মেলনে গাদ্দাফির 'প্রস্থান কৌশল' বিষয়ে রোববার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে কথা হয়েছে কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে তা প্রত্যাখ্যান করেন মুসা ইব্রাহিম।
সাংবাদিকদের তিনি বলেন, "গাদ্দাফির প্রস্থান হবে লিবিয়ার জন্য সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য।"
তবে এত বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ন্যাটো। তারা দাবি করেছে, লিবিয়ার জনগণকে গাদ্দাফি অনুগত বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্যই তাদের অভিযান।
এদিকে, মঙ্গলবার রাতেও ত্রিপোলিতে চারটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে লিবিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে।
রাজধানীর ওপর দিয়ে রাতভর ন্যাটোর বিমান টহল চলেছে বলেও জানা গেছে।
এদিকে, গাদ্দাফির সঙ্গে বৈঠক শেষে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জুমা দেশে ফিরে যাওয়ার পর তার কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়তে থাকার পরও জনাব গাদ্দাফি লিবিয়া ত্যাগ করবেন না।
বিবৃতিতে আরো বলা হয়, "কর্নেল গাদ্দাফি লিবিয়া বিষয়ক আলোচনা শুরুর জন্য প্রথমেই বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, বিরূপ পরিস্থিতির পরও লিবিয়া ত্যাগ করার ব্যাপারে তিনি প্রস্তুত নন।"
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জুমা ও আফ্রিকান ইউনিয়ন ন্যাটোর প্রতি বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, ন্যাটো সাধারণ মানুষকে রক্ষায় জাতিসংঘের অনুমোদনের চেয়ে বেশি পদক্ষেপ গ্রহণ করছে।
লিবিয়ার বিদ্রোহীপক্ষ এবং ন্যাটো উভয়েই গাদ্দাফি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আগ পর্যন্ত অস্ত্রবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে, মঙ্গলবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি লিবিয়ার বিদ্রোহীদের রাজধানী বেনগাজি পরিদর্শনকালে 'গাদ্দাফির রাজত্ব শেষ' বলে মন্তব্য করেছেন।
এক সংবাদ সম্মেলনে ফ্রাত্তিনি বলেন, "তাকে (গাদ্দাফি) অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। তাকে অবশ্যই দেশ ছেড়ে যেতে হবে।"
ফ্রাত্তিনি আরো বলেন, "তার সহযোগীরা তাকে ত্যাগ করেছে, আন্তর্জাতিক কোনো সমর্থন তার নেই, জি-এইট নেতারা তাকে প্রত্যাখ্যান করেছে। তাকে অবশ্যই যেতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৫ ঘ.
bdnews24