বার্লিন, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-শশা বাহিত ঘাতক ই-কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণে পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ার আশঙ্কা বাড়ছে। ঘাতক এ ব্যাকটেরিয়া সংক্রমণে জার্মানিতে ইতোমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সর্বশেষ এক সুইডিশ নারী মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
ওই সুইডিশ নারী জার্মানি ভ্রমণকালে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ই-কোলাই সংক্রমিত শশা খেয়ে জার্মানিসহ স্পেন, সুইডেন, ব্রিটেন, ডেনমার্ক, ফ্রান্স এবং নেদারল্যান্ড মিলিয়ে অসুস্থ হয়েছে ১ হাজারেরও বেশি মানুষ। সম্প্রতি জার্মানিতে থাকাকালে তাদের এ ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে।
ই-কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়েছে স্পেন থেকে আসা শশায়। কিন্তু এ সংক্রমণ স্পেনে ঘটেছে, পরিবহনের পথে ঘটেছে নাকি জার্মানিতে ঘটেছে তা এখনো পরিস্কার নয়।
ই-কোলাই সংক্রমণে হেমোলাইটিক-ইউরেমিক সিনড্রোম (এইচইউএস) আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু এবং অসুস্থতার কারণে জার্মানির সঙ্গে স্পেন, ফ্রান্স এবং রাশিয়ার মতো দেশগুলোর কূটনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রাশিয়া ইতোমধ্যেই জার্মানি ও স্পেন থেকে শাকসবজি আমদানি নিষিদ্ধ করেছে। তাছাড়া, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলো থেকেও সব শাকসবজি আমদানি নিষিদ্ধ করবে বলে জানিয়েছে তারা।
স্পেন থেকে আমদানি করা শশা থেকেই সংক্রমণ ছড়ানোর ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
স্পেন কর্তৃপক্ষ অবশ্য এ অভিযোগ স্বীকার করেনি। তারা বলেছে, সব্জিগুলো কোথায় এবং কিভাবে দুষিত হয়েছে তা এখনও পরিষ্কার জানা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে 'অত্যন্ত মারাত্মক' উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে সম্মিলিতভাবে দুষণের কারণ উদঘাটনে কাজ করার আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৫৭ ঘ.
bdnews24