জুরিখ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিফার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে সংস্থার নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ বিন হাম্মাম ও ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর ফলে বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের আরেক মেয়াদে দায়িত্ব পাওয়া মোটামুটি নিশ্চিত হয়ে গেলো।
এশিয়ার ফুটবল কনফেডারেশনের চেয়ারম্যান হাম্মাম ছিলেন এই নির্বাচনে ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী। দীর্ঘ ৯ বছর পর ১ জুন জুরিখে এই নির্বাচন হওয়ার কথা।
রোববার অভিযোগের শুনানির পর ফিফার এথিকস কমিটি জানায়, হাম্মাম ও ওয়ার্নারকে আপাতত দায়িত্ব থেকে দূরে থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে পূর্ণ তদন্ত হবে।
কাতারের ফুটবল সংগঠন হাম্মাম ইতোমধ্যে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন। ঘুষের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার কারেছেন ওয়ার্নারও।
ফিফার এথিকস কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রেতাস দামাসেব বলেছেন, "এই অভিযোগের জবাব তাদের দিতে হবে। আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি।"
ফিফার এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন সামনে রেখে সমর্থন পাওয়ার জন্য গত ১০ ও ১১ মে ত্রিনিদাদে ক্যারাবিয়ান ফুটবল ইউনিয়নের বৈঠকে ৪০ হাজার ডলার ঘুষ দেন তারা।
ফিফার নির্বাহী পরিষদের আরেক সদস্য চাক ব্লেজার তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন৻ এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার তাদের জুরিখে তলব করা হয়।
অবশ্য হাম্মাম পাল্টা অভিযোগ এনে বলেছেন, নির্বাচন নিয়ে যে দুর্নীতি হচ্ছে- সেপ ব্লাটার তা আগেই জানতেন। কিন্তু বিষয়টি তিনি কাউকে জানাননি, যা ফিফার আচরণবিধির লঙ্ঘন৻
দোষী প্রমাণিত হলে ফিফা থেকে স্থায়ী বহিস্কারের পাশাপাশি সব ধরনের ফুটবলে নিষিদ্ধ করা হতে পারে হাম্মম ও ওয়ার্নারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএসটি/জেকে/০১১৩ ঘ.
bdnews24