ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে জেলে ভেঙ্গে ৪১৭ বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাটি বন্দি পালানোর এই ঘটনাকে "বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি" হিসেবে বিবেচনা করছে।
পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে তালেবান সদস্যরাও রয়েছে বলে শনিবার এনডিটিভি জানিয়েছে।
এপ্রিলের ২৪ তারিখ আফগানিস্তানের কান্দাহারের সারপোসা কারাগার ভেঙ্গে বন্দি পালানোর এই ঘটনায় ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক এই পুলিশ সংস্থা 'অরেঞ্জ নোটিশ' জারি করেছে।
অরেঞ্জ নোটিশের আওতায় পালিয়ে থাকা ব্যক্তি সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া মাত্র সদস্য ১৮৮ দেশ ইন্টারপোলকে জানাবে।
দীর্ঘ কয়েকমাস সময় ধরে খনন করা একটি সুরঙ্গ দিয়ে ৪৮০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছে বলে আফগান কর্তৃপক্ষ দাবি করেছে।
তবে, এত অল্পসংখ্যক বন্দি পালানোর ঘটনায় ইন্টারপোল কেন সতর্কতা জারি করেছে সে বিষয়টি পরিস্কার নয় বলে বিশ্লেষকদের অভিমত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৫ ঘ.
bdnews24