২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটোর ৯ সেনা নিহত

আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ ন্যাটো সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

কাবুল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ ন্যাটো সেনা নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার কান্দাহারের পার্বত্যাঞ্চলীয় সরাবাকে পায়ে হেঁটে টহল দেওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা দু'টি বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই আট ন্যাটো সেনা নিহত হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে নিহতরা সবাই মার্কিন সেনা। আফগানিস্তানের তালেবান তাদের মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদির বরাত দিয়ে এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বোমা বিস্ফোরণের এই ঘটনায় দু'জন আফগান পুলিশও নিহত হয়েছে বলে আল জাজিরা জানায়। ন্যাটোর অপর এক সেনা আফগানিস্তানের পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই সেনার জাতীয়তা প্রকাশ করা হয়নি। গত ২৭ এপ্রিল আফগান সেনা পাইলট কাবুল বিমানবন্দরে গুলি চালিয়ে আট সেনা ও একজন ঠিকাদারকে হত্যার পর বৃহস্পতিবারই দেশটিতে অবস্থানরত বিদেশি বাহিনীর এতো সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো। আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চল সবচেয়ে সহিংসপ্রবণ। ওই অঞ্চলটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তালেবান নির্মূল করতে সেখানে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রায় ১ লাখ ন্যাটো ও আফগান সেনা কাজ করে যাচ্ছে। আফগান ও বিদেশি বাহিনীর সদস্যদের লক্ষ করে প্রায়ই তালেবান হামলা চালিয়ে থাকে। পাকিস্তানের সাথে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী অঞ্চলও ব্যাপকমাত্রায় সহিংসপ্রবণ। গত ১ মে জঙ্গিরা ন্যাটো এবং আফগান সরকারের বিরুদ্ধে 'বসন্তকালীন হামলা' শুরুর ঘোষণা দেয়। আফগানিস্তানে যুদ্ধ চালাতে যুক্তরাষ্ট্রের সরকারি কোষাগারকে বছরে ১শ' বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ গুণতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৪ ঘ.