২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের গণমাধ্যমে সামরিক বাহিনীকে নিয়ে ব্যঙ্গ

করাচির নৌ-বাহিনীর একটি বিমানঘাঁটিতে জঙ্গি হামলার পর সামরিক বাহিনীকে নিয়ে ব্যঙ্গ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অদক্ষতা এবং দুস্কর্মে সহযোগিতার অভিযোগ তুলেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ইসলামবাদ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- করাচির নৌ-বাহিনীর একটি বিমানঘাঁটিতে জঙ্গি হামলার পর সামরিক বাহিনীকে নিয়ে ব্যঙ্গ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অদক্ষতা এবং দুস্কর্মে সহযোগিতার অভিযোগ তুলেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। করাচিতে রোববার রাতে নৌবাহিনীর মেহরান বিমান ঘাঁটিতে ছয়জনের মতো জঙ্গি হামলা চালায়। প্রায় ১৬ ঘণ্টা লড়াইয়ের পর তাদেরকে হঠাতে সক্ষম হয় সেনারা। ঘাঁটির সুরক্ষায় সামরিক বাহিনীর এই ব্যর্থতা আর ৬ জঙ্গিকে হঠাতে ১৬ ঘণ্টা লাগার এ ঘটনায় খোদ পাকিস্তানের সামরিক বাহিনী-পন্থি গণমাধ্যমগুলোই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইংরেজী ভাষার দৈনিক 'দ্য নিউজ' তাদের সম্পাদকীয়তে লিখেছে, "রাজনীতি বা মন্ত্রিসভার প্রতিরক্ষা কমিটির বৈঠক দিয়ে এ ধরনের সমস্যা সমাধান করা যাবে না।" পত্রিকাটি এ ঘটনাকে বড় ধরনের ব্যর্থতা আখ্যা দিয়ে এ ধরনের হুমকি মোকাবেলায় সুযোগ্য নেতৃত্ব দরকার বলে মন্তব্য করেছে। সামরিক বাহিনী পন্থি উর্দুভাষী সংবাদপত্র 'জং' এ ঘটনাকে 'নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা' আখ্যা দিয়েছে। আরো বিনীতভাবে বললে একে 'উদ্বিগ্ন হওয়ার মতো অবহেলা' বলা যেতে পারে বলে মন্তব্য করে পত্রিকাটি। অন্যান্য পত্রপত্রিকায় সামরিক বাহিনীর অদক্ষতা নিয়েই কেবল নয় বরং আরেকধাপ এগিয়ে তাদের বিরুদ্ধে দুস্কর্মে সহযোগিতার অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, হামলাকারীরা সামরিক বাহিনীর ভেতর থেকেই কোনো সহায়তা পেয়েছে। ইংরেজি ভাষার দৈনিক 'দ্য ডন' লিখেছে, "তালেবান হামলাকারীরা কি নৌ-ঘাঁটির ভেতরের তথ্য পেয়েছিলো? এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না। কারণ আগের কয়েকটি হামলায় সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ মিলেছে।" মেহরান ঘাঁটিতে রোববারের ওই জঙ্গি হামলায় ১০ নিরাপত্তাকর্মী নিহত ও আরো ২০ জন আহত হয়। পাকিস্তানের তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান অজ্ঞাত এক স্থান থেকে রয়টার্সকে বলেন, "আমাদের মুজাহিদরা বিশ্বাস ও অস্ত্রের সাহায্যে লড়ার কারণে শ শ নিরাপত্তা কর্মীর সঙ্গে যুদ্ধ করে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে।" এর আগে ২০০৯ সালের অক্টোবরে এ ধরনের একটি দল রাওয়ালাপিন্ডিতে 'আর্মি জেনারেল হেডকোয়াটার্স' এ হামলা চালায়। পরবর্তীতে তদন্ত করে দেখা যায়, হামলাকারীরা সেনা ও কর্মকর্তাদের সহায়তা পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০১৮ ঘ.