ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার নতুন নেতা সাইফ আল-আদেল লন্ডনে হামলার পরিকল্পনা করছেন। সন্ত্রাসী এই সংগঠনটির সাবেক নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
৫৯ বছর বয়সী মিশরীয় বংশোদ্ভূত সাইফ আনুষ্ঠানিকভাবে আল কায়েদার প্রধান নির্বাচিত হওয়ার পর অনুসারীদের লন্ডনে হামলা চালানোর আহ্বান জানান বলে এনডিটিভি জানায়।
এ খবর নিশ্চিত করে এক তালেবান মুখপাত্র বলেন, "আমাদের নতুন নেতা লন্ডন নিয়ে বড় ধরনের পরিকল্পনা করেছেন। তিনি মনে করেন, যুক্তরাজ্য হচ্ছে ইউরোপের মেরুদ- আর তা অবশ্যই ভেঙ্গে দিতে হবে"।
এর আগে গত ২ মে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সংগঠনটির অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে সাইফ আল-আদেলকে নির্বাচন করা হয়।
তিনি মিশরীয় সেনাবাহিনীর বিশেষ শাখার একজন সাবেক কর্নেল। ওসামা বিন লাদেনের নিরাপত্তা প্রধান
ছিলেন এই সাইফ।
২০০১ সাল থেকে এফবিআই-এর 'মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্ত সাইফের মাথার মূল্য ৫০ লাখ মার্কিন ডলার।
আল-আদেল মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীদের একজন বলে ধারণা করা হয়। তিনি ১৯৮৮ সালে মিশর ছেড়ে যান।
আল-আদেল ১৯৮০'র দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তালেবানের হয়ে লড়াই করেছেন। ২০০১ সালে দেশটিতে তালেবান শাসনের পতনের পর ইরান চলে যান। সেখান থেকেই আল-আদেল সৌদি আরবের আল কায়েদা নিয়ন্ত্রণ করতেন।
২০০৩ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য আল-আদেলকে দায়ী করা হয়।
বিন লাদেন ছিলে সৌদি রাজতন্ত্রের ঘোরবিরোধী। আল-আদেলকে সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন জোরদারে সন্ত্রাসী হামলার মিশন দিয়েই সৌদিতে আল কায়েদার দায়িত্ব দেওয়া হয়েছিল।
গত বছরের বেশকিছু তথ্য-প্রতিবেদন দেখে ধারণা করা হচ্ছে, আল-আদেল ইরান ছেড়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩১ ঘ.
bdnews24