২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ প্রধান পদে লগার্ডকে ব্রিটেনের সমর্থন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)'র নতুন প্রধান পদে ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ডকে (৫৫) সমর্থন করেছে ব্রিটেন। লগার্ডকে এ পদে 'অসাধারণ প্রার্থী' বলে বর্ণনা করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

নিউ ইয়র্ক, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)'র নতুন প্রধান পদে ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ডকে (৫৫) সমর্থন করেছে ব্রিটেন। লগার্ডকে এ পদে 'অসাধারণ প্রার্থী' বলে বর্ণনা করেছে তারা। জি-সেভেন ভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটেনই প্রথম আনুষ্ঠানিভাবে ডমিনিক স্ট্রস-কানের উত্তরসূরি নির্বাচনে কাউকে সরাসরি সমর্থন জানালো। আইএমএফ প্রধানের পদ থেকে পদত্যাগ করা ডমিনিক স্ট্রস-কান গত ১৪ মে নিউইয়র্কের এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুুক্ত হন। নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেপ্তার ও পরবর্তীতে জামিনে ছাড়া পাওয়া কান পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টে তিনি গৃহবন্দি। শনিবার এক বিবৃতিতে ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ অসবর্ন আইএমএফ প্রধান পদে ফরাসি অর্থমন্ত্রী লগার্ডকে সমর্থন করেন। বিবৃৃতিতে তিনি বলেন, "আমরা তাকে সমর্থন জানাচ্ছি। কারণ, আমরা মনে করি ওই পদের জন্য তিনিই সবচেয়ে যোগ্য। তিনি এ বছর জি-টোয়েন্টি অর্থমন্ত্রীদের প্রধান হিসেবে প্রকৃত আন্তর্জাতিক নেতার মতো নেতৃত্ব দিয়েছেন। তিনি চরম বাজেট ঘাটতি মোকাবেলায় প্রাণপন লড়ে যাওয়া দেশগুলোর জন্য সুপরামর্শক।" তিনি আরো বলেন, "আইএমএফ-এর ৬০ বছরের ইতিহাসে প্রথম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজন নারীর অভিষেক খুবই ভালো হবে বলে আমি মনে করি।" দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এতো বছর ধরে ইউরোপীয় ব্যবস্থাপনা পরিচালকদের অধীনেই পরিচালিত হয়ে আসছে। এক সপ্তাহ আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চীন ও ভারতের অর্থনৈতিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, "বিশ্বের অপর পাশ থেকে প্রার্থী আসার সময় হয়েছে"। ইউরোপীয় কেউ আইএমএফ-এর পরবর্তী প্রধান হলে ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ডের সম্ভবানই বেশী। তিনি ২০০৯ সালে 'দ্য ফিনান্সিয়াল টাইমস' এর তালিকায় ইউরোপের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত হন। ইউরোপের আরো কয়েকটি দেশ ইতোমধ্যেই লগার্ডকে সমর্থন করেছে। আইএমএফ প্রধানের পদে সুইডেন এবং জার্মানির সমর্থন পেয়েছেন তিনি। জার্মানির অর্থমন্ত্রী লগার্ডকে এ পদে যোগ্য ব্যক্তি এবং আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে বর্ণনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪২ ঘ.