ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি গণমাধ্যমের সামনে কথা বলেছেন ব্রিটেনের দুই যুবরাজ সহোদর, প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। এসময় বড় ভাই উইলিয়াম থেকে নিজেকে বেশি ভালো বলে কৌতুক করেছেন প্রিন্স হ্যারি।
এ সময় দুই যুবরাজ সেনাবাহিনীতে কাজের মাধ্যমে নিজ দেশের সেবা করার আগ্রহের কথা জানিয়েছেন।
তারা দু'জনেই স্রোপশায়ারের শবুরিতে বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর ঘাঁটিতে হেলিকপ্টার পাইলট হিশেবে প্রশিক্ষণ গ্রহণ করছেন।
প্রিন্স চার্লস ও প্রয়াত লেডি ডায়নার বড় ছেলে ২৬ বছর বয়ষ্ক প্রিন্স উইলিয়াম রাজকীয় বিমান বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী পাইলট হিশেবে প্রশিক্ষণ নিচ্ছেন।
আর তাদের ছোট ছেলে ২৪ বছর বয়ষ্ক প্রিন্স হ্যারি সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলট হওয়ার পথে এরইমধ্যে অনেকখানি এগিয়ে গেছেন। কোর্সের মোট মেয়াদের ছয় মাস পার করেছেন তিনি।
প্রিন্স হ্যারি জানিয়েছেন, তিনি সেনাবাহিনীর প্রশিক্ষণ উপভোগ করছেন। হ্যারি ভবিষ্যতে আফগানিস্তানে হেলিকপ্টার পাইলট হিসেবে নিয়োগ পাওয়ার আশা করেছেন বলে জানান।
প্রশিক্ষণ শিবিরে দুই ভাই এক সঙ্গে থাকার অভিজ্ঞতা নিয়ে মজা করেন। এ সময়
তারা সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কৌতুক করেন।
এ সময় প্রিন্স হ্যারি নিজেকে বড় ভাই প্রিন্স উইলিয়াম থেকে 'বেশি ভালো' বলে জাহির করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৫৫ ঘ.
bdnews24