আম্মান, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার দেশব্যাপী ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন এক মানবাধিকার আইনজীবী।
রাজান জয়তুনা নামের ওই আইনজীবী জানান, শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলিপ্পোর দক্ষিণে মারেত আল-নুমান নামক শহরে ১২ জন নিহত হয়।
ওই দিন সকালে ছোট ওই শহরটিতে বিক্ষোভকারীদের দমনের লক্ষ্যে নিরাপত্তা বাহিনী ট্যাংক হামলা চালালে তারা নিহত হন বলে জানান তিনি।
এছাড়া সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হমসে ১১ জন এবং দেরা, লাতাকিয়া, হামা ও দামেস্কের শহরতলীতে আরো ৭ জন নিহত হয় বলে তিনি জানান।
শুক্রবার সিরিয়াজুড়েই বিক্ষোভ সমাবেশের খবর পাওয়া গেছে। ভূমধ্যসাগর উপকূলীয় শহর লাতাকিয়া, বানিয়াস থেকে শুরু করে তেল সমৃদ্ধ দিয়ার আল-জর, পূর্বাঞ্চলের কুর্দি এলাকার কামিশি এবং দক্ষিণের হারান সমভূমি এলাকায়ও বিক্ষোভ হয়েছে।
কুর্দি বিক্ষোভকারীরা "ট্যাংকের সাথে কোন আলোচনা নয়" ব্যানার নিয়ে বিক্ষোভ করে। এসময় তারা 'আজাদি', 'আজাদি' বলে স্লোগান দেয় বলে এক প্রত্যক্ষদর্শী জানায়। এর আগে দেশটির সরকার আলোচনার প্রস্তাব দিলে কুর্দিরা তা প্রত্যাখ্যান করে।
বৃটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করছে, সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দুই মাসে দেশটিতে নিরাপত্তা বাহিনীর হামলায় ৮৩১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে প্রায় ১০ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৩ ঘ.
bdnews24