ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাষাবাদের জন্য ৩০ হাজার হেক্টর জমি বন্দোবস্ত চেয়ে তানজানিয়া সরকারের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান 'ভাটিবাংলা অ্যাগ্রোটেক'।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মিজানুর রহমান আজাদ শুক্রবার তানজানিয়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তানজানিয়া কৃষি অংশিদারিত্ব অধিদপ্তরের কাছে আমরা প্রস্তাব ও কর্মপরিকল্পনা জমা দিয়েছি। আশা করছি এক সপ্তাহের মধ্যেই সাড়া পাওয়া যাবে।"
সব কিছু ঠিক থাকলে শিগগিরই এ বিষয়ে চুক্তি হবে বলে জানান তিনি।
প্রাথমিক পর্যায়ে ৯৯ বছরের জন্য ৩০ হাজার হেক্টর জমি বন্দোবস্ত নেওয়ার চেষ্টা করছে ভাটিবাংলা অ্যাগ্রোটেক। এক্ষেত্রে প্রতি হেক্টর জমির বন্দোবস্ত খরচ পড়বে বার্ষিক ১৩৫ টাকা। জুনের ১০ তারিখ থেকেই তানজানিয়ায় চাষাবাদ শুরু করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।
সব কিছু ঠিকমতো অগ্রসর হলে জমির পরিমাণ বাড়িয়ে ২০ থেকে ২৫ লাখ হেক্টর করার পরিকল্পনা রয়েছে বলে আজাদ জানান।
তিনি বলেন, "চুক্তিতে ১৮টি প্রধান বিষয় স্থান পাবে। জমিতে যে কোনো শস্য উৎপাদনের অনুমতি, বাংলাদেশ থেকে কৃষক ও বীজ নেওয়া, মুনাফা পাঠানো এবং ঋণের বিষয় নিয়ে তানজানিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।"
দক্ষিণ সুদান, কেনিয়া, জাম্বিয়া, উগান্ডা ও মোজাম্বিকেও জমি বন্দোবস্ত নেওয়ার সুযোগ রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এসব দেশে জমি বন্দোবস্ত নেওয়া গেলে বাংলাদেশকে বহু বছর খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত মাসে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি উগান্ডা গিয়েছিলো। তারা সেখানে ১০ হাজার হেক্টর জমি বন্দোবস্ত নেওয়ার প্রাথমিক আলাপ শেষ করে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২৩০২ ঘ.
bdnews24