ওয়াশিংটন, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। দেশটির সরকারি স্থাপনায় ন্যাটোর সপ্তাহব্যাপী বিমান হামলা জোরদারের মুখে বৃহস্পতিবার এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, লিবীয় বাহিনীর আটটি যুদ্ধজাহাজে শুক্রবার বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ন্যাটো।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়া সাম্প্রতিক গণআন্দোলনকে উদ্দেশ্য করে দেওয়া ভাষণে ওবামা এসব কথা বলেন।
বৃহস্পতিবার ওয়াশিংটনে দেওয়া ভাষণে ওবামা বলেন, "সময় এখন গাদ্দাফির বিরুদ্ধে। দেশের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। বিরোধীপক্ষরা একত্রিত হয়ে আইনসঙ্গত অন্তর্র্বতীকালীন পরিষদ গঠন করেছে"।
ওবামা আরো বলেন, "গাদ্দাফির বিদায়ে কয়েক দশকধরে চলা নানা উস্কানির সমাপ্তি ঘটবে এবং গণতান্ত্রিক লিবিয়া তার যাত্রা শুরু করবে"।
ইতোমধ্যে তীব্র গণআন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনেদিন বেন আলি ও মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
ওই সফল আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে লিবীয় জনগণও দীর্ঘ ৪১ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা গাদ্দাফির বিরুদ্ধে গত ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করে।
কিন্তু তীব্র গণআন্দোলনের মুখেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান গাদ্দাফি। আন্দোলন দমনে তিনি তার অধীনস্ত সশস্ত্র বাহিনীকে ব্যবহার শুরু করেন।
এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিতে সাধারণ নাগরিকের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে গাদ্দাফিকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান। কিন্তু তাও অনড় থাকেন এক সময়ের সামরিক কর্মকর্তা গাদ্দাফি।
এ অবস্থায় জাতিসংঘের অনুমোদন নিয়ে সাধারণ নাগরিকদের রক্ষায় এবং গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করার জন্য লিবিয়ার সামরিক ও সরকারি স্থাপনা লক্ষ করে ন্যাটোর নেতৃত্বে বিমান হামলা শুরু হয়।
এদিকে, ত্রিপোলি ও আল খুমস এবং সির্তের বন্দরে থাকা লিবীয় ৮টি যুদ্ধজাহাজ লক্ষ করে রাতভর বিমান হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে ন্যাটো দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৭ ঘ.
bdnews24