২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তসাপেক্ষে জামিন পেলেন স্ট্রস-কান

এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের জামিন আবেদন মঞ্জুর করেছে নিউ ইয়র্কের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 06:12 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের জামিন আবেদন মঞ্জুর করেছে নিউ ইয়র্কের আদালত। জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন দেয় বলে বিবিসি জানায়। স্ট্রস-কানের আইনজীবীরা ১০ লাখ ডলার এবং ২৪ ঘণ্টা নজরদারির শর্তে জামিনের আবেদন করেছিলেন। জামিন প্রসঙ্গে কানের আইনজীবী বলেন, কান একজন সম্মানিত ব্যক্তি। তিনি কখনোই পালিয়ে যাবেন না। তার আগে আন্তর্জাতিক ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন কান। নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের বিচারক মিচেল ওবুস নগদ ১০ লাখ ডলারের এবং ২৪ ঘণ্টা নজরদারির শর্তসহ সশস্ত্র একজন রক্ষী ও ইলেকট্রনিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় সাবেক আইএমএফ প্রধানের জামিন মঞ্জুর করেন। বিচারক ওবুস বলেন, একজন সশস্ত্ররক্ষী সার্বক্ষণিকভাবে অবশ্যই কানকে পাহারা দেবে এবং তাকে ভ্রমণ সম্পর্কিত সব কাগজপত্র জমা দিতে হবে। আগামী ৬ জুন কানকে পুনরায় আদালতে হাজির করার কথা রয়েছে। গত সপ্তাহে অভিযোগ ওঠে, স্ট্রস-কান নিউ ইয়র্কের সোফিটেল হোটেলে এক হোটেলকর্মীকে ধর্ষণের চেষ্টা করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে শনিবার প্যারিসগামী একটি বিমান থেকে স্ট্রস-কানকে গ্রেপ্তার করা হয়। আদালতের আদেশে নিউ ইয়র্কের কুখ্যাত রিকারস আইল্যান্ড কারাগারে বন্দি ছিলেন কান। বিভিন্ন মহল থেকে চাপের মুখে বৃহস্পতিবার আইএমএফ প্রধানের পদ ত্যাগ করেন তিনি। তবে শুরু থেকেই কান এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এর বিরুদ্ধে তিনি সর্বশক্তি দিয়ে লড়বেন বলে জানিয়েছেন। যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় ২০১২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে কানের লড়ার সম্ভাবনা মুখ থুবড়ে পড়েছে। অভিযোগ প্রমাণিত হলে কানের ২৫ বছর পর্যন্ত কারাদ- হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.