আফগানিস্তান, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে তালেবান জঙ্গিরা বৃহস্পতিবার একটি সড়ক নির্মাণ কোম্পানিতে হামলা চালিয়ে অন্তত ৩৫ জন কর্মীকে হত্যা করেছে। আহত হয়েছে ২৪ জন।
পাকতিয়া প্রদেশের জাদরান জেলায় বুধবার রাতে চালানো এ হামলায় জঙ্গিদের গুলিতে ৩৫ জন নিহত হয়। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে ১০ জঙ্গিও নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।
কাছাকাছি খোস্ত প্রদেশের সরকারি কর্মকর্তা আবদুল্লাহ দুরানি রয়টার্সকে বলেন, হামলার ঘটনার পর এখনো ১৩ কর্মী নিখোঁজ রয়েছে।
আফগান বাহিনী তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে বলে জানান পাকতিয়া প্রদেশের মুখপাত্র রুহুল্লাহ সামোন।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বন্দুকযুদ্ধে ওই সড়ক নির্মাণ কোম্পানির বহু কর্মীকে হত্যা করার কথা নিশ্চিত করেছেন। তবে কাউকে জিম্মি করার কথা অস্বীকার করেছেন তিনি।
আফগানিস্তানে তালেবানরা সম্প্রতি হামলা জোরদার করার ঘোষণা দেওয়ার পর একের পর এক এ ধরনের জঙ্গি হামলা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৮ ঘ.
bdnews24