ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে লিবিয়ায় ঢোকার অভিযোগে আটক চার বিদেশি সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি মুক্তিপ্রাপ্ত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা দেওয়া হবে না বলেও লিবীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
লিবীয় সরকারের বরাত দিয়ে বুধবার বিবিসি এ খবর জানায়।
মুক্তি পাওয়া চার সাংবাদিক হচ্ছেন, যুক্তরাষ্ট্রের জেমস ফোলে ও ক্লারে গিলিস, স্পেনের আলোকচিত্রী ম্যানু ব্রাবো, যুক্তরাজ্যের নিগেল চ্যান্ডলার।
তবে আটক অপর এক সাংবাদিক দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী আন্তন হ্যামারেলের তার ভাগ্যে কি ঘটেছে এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।
সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম রয়টার্সকে বলেন, মুক্তি পাওয়া সাংবাদিকেরা লিবিয়া থেকে সংবাদ পাঠাতে পারবেন।
তিনি বলেন, লিবিয়ায় থাকতে চাইলে তাদের (মুক্তি পাওয়া সাংবাদিকেরা) স্বাগত জানানো হবে। আবার যদি তারা চলে যেতে চান সেক্ষেত্রে তাদের তিউনিসিয়া সীমান্ত পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, "কোনো সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করা হয়ে থাকলে তার জন্যে আমরা ক্ষমাপ্রার্থী'।
চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। কিন্তু ব্যাপক বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপের মুখেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান তিনি।
এরফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে এখনো তা চলছে।
মুক্তি পাওয়া সাংবাদিক জেমন ফোলে গ্লোবাল পোস্টের হয়ে আর ক্লারে গিলিস মুক্ত সাংবাদিক হিসেবে কাজ করেন। ৪ এপ্রিল স্পেনিশ আলোকচিত্রী ম্যানু ব্্রাবোর সাথে তাদের কারাগারে পাঠানো হয়।
যুক্তরাজ্যের নিগেল চ্যান্ডলার মুক্ত সাংবাদিক হিসেবে বিবিসির হয়ে কাজ করেন।
তাদের সাথে একই দিন দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী আন্তন হ্যামারেলকেও আটক করা হয়। কিন্তু তার ভাগ্যে কি ঘটেছে এখনো তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৮ ঘ.
bdnews24