২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়াকে তিউনিসিয়ার হুমকি, আইসিসি'র হুঁশিয়ারি

লিবিয়া সীমান্তের বাইরে হামলা চালানো বন্ধ না করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এর বিরুদ্ধে নালিশ জানানোর হুমকি দিয়েছে তিউনিসিয়া। ওদিকে, লিবিয়াকে জাতিসংঘের বিধি মেনে চলতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত 'আইসিসি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

তিউনিসিয়া/ত্রিপোলি, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়া সীমান্তের বাইরে হামলা চালানো বন্ধ না করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এর বিরুদ্ধে নালিশ জানানোর হুমকি দিয়েছে তিউনিসিয়া। ওদিকে, লিবিয়াকে জাতিসংঘের বিধি মেনে চলতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত 'আইসিসি'। লিবিয়ায় তিন মাস ধরে চলা সংঘর্ষ এখন সীমান্ত পেরিয়েছে। তিউনিসিয়া সীমান্তে চলছে লিবিয়া বাহিনীর রকেট হামলা। মঙ্গলবার া তিউনিসিয়ায় অন্তত ৪টি রকেট ছোড়ে লিবিয়া। এসব হামলাকে লিবিয়ার আগ্রাসী আচরণ হিসেবেই দেখছে তিউনিসিয়া। তিউনিসিয়ার ভূখন্ডে ফের হামলা হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে বলে হুমকি দিয়েছে দেশটি। তিউনিসিয়ার রাষ্ট্রপরিচালিত টিএপি বার্তা সংস্থা বলেছে, লিবিয়া হামলা বন্ধ না করলে তিউনিস সরকার কূটনৈতিক তৎপরতা চালাবে। ওদিকে, আইসিসি'র কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো লিবিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, জাতিসংঘের সদস্য হিসাবে লিবিয়াকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। সেইসঙ্গে নেতা মুয়াম্মার গাদ্দাফিসহ অন্যান্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আন্তর্জাতিক চেষ্টাও ব্যাহত করা যাবে না। ওকাম্পো সোমবার গাদ্দাফি, তার ছেলে সাঈফ আল ইসলাম এবং গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। লিবিয়ার কর্মকর্তারা এর নিন্দা জানিয়েছে। তারা আইসিসি'কে পশ্চিমাদের সৃষ্টি অভিযোগ করে বলেছে, তাদের কথা মানতে লিবিয়া আইনগতভাবে বাধ্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২১৪১ ঘ.