মারুন আল-রাস, বৈরুত, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি সেনাদের সামরিক মহড়া চলাকালে গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে লেবানিজ সেনাবাহিনী ও নিরাপত্তাসূত্রগুলো।
রোববার ইসরাইলের সীমান্তবর্তী লেবানিজ গ্রাম মারুন আল-রাসে এ ঘটনা ঘটে।
ইসরাইলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সীমান্তের কাছে জড়ো হওয়া বিক্ষোভরত ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে লেবানিজ বাহিনী প্রথমে ফাঁকা গুলি ছোড়ে।
ঘটনাস্থল মারুন আল-রাস গ্রামে উপস্থিত রয়টার্সের ক্যামেরাম্যান ইজ্জাত বালতাজি জানান, "বিক্ষোভকারীরা লেবানিজ সেনাবাহিনীকে এড়িয়ে সীমান্তের নিরাপত্তা বেষ্টনীর কাছে গিয়ে পাথর ছুঁড়তে শুরু করে।"
"আমি দেখতে পাচ্ছিলাম ইসরাইলি সেনারা নিক্ষিপ্ত পাথর থেকে বাঁচার জন্য গাছের পেছনে আশ্রয় নিচ্ছে। সেখান থেকে তারা গুলি করতে শুরু করে। তখন দেখলাম বিক্ষোভকারীদের কেউ কেউ মাটিতে পড়ে গেছে"।
বালতাজি জানান, তিনি তিনটি মৃতদেহের ভিডিওচিত্র ধারণ করেছেন। এদের মধ্যে একজনের মাথায় ও আরেকজনের বুকে গুলি লেগেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা বেষ্টনীর কাছ থেকে বিক্ষোভকারীদের সরাতে লেবাননের সেনাবাহিনীও তাজা গুলি ব্যবহার করে। বিক্ষোভকারীদের পেছনে ইরানের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেছে ইসরাইল।
রয়টার্স জানিয়েছে তাদের তোলা এক ছবিতে গাছ ছাঁটার কাঁচি দিয়ে সীমান্তের বেড়া কাটতে উদ্যত এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে দেখা গেছে।
এ ঘটনায় ১১২জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবানিজ সেনাবাহিনী।
একই ধরনের মহড়াকালে ইসরাইলি সেনাবাহিনী সিরিয়া ও গাজা সীমান্তের ভিতরেও গুলি করেছে বলে জানা গেছে।
প্রতিবছর ইসরাইলের প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ মে তে ফিলিস্তিনিরা বিক্ষোভ করে। এবছর পশ্চিম তীর ও গাজা উপত্যকা ছাড়াও তারা সিরিয়া, জর্ডান, লেবানন ও মিসরেও বিক্ষোভ করে।
১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পরপর সংঘঠিত আরব-ইসরাইল যুদ্ধের কারণে লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়।
অনেক ফিলিস্তিনি ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।া উদ্বাস্তু হিসেবে তারা আশপাশের আরব দেশগুলোতে আশ্রয় নেয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী লেবাননের ১২টি উদ্বাস্তু শিবিরে ৪ লক্ষ ২৭ হাজার রেজিস্ট্রার্ড ফিলিস্তিনি বসবাস করে। দক্ষিণ লেবাননের এরকমই একটি উদ্বাস্তু শিবিরের বাসিন্দারা রোববার ইসরাইলি হামলায় হতাহত হন।
লেবানিজ সরকার ও ইসলাম ধর্মীয় শিয়া সংগঠন হিজবুল্লাহ এই ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৪ ঘ.
bdnews24