লন্ডন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফির ক্ষমতায় টিকে থাকার ঝুঁকি এড়াতে লিবিয়ায় ন্যাটোর বিমান হামলার লক্ষ্যস্থল আরো বাড়ানো উচিৎ বলে মনে করেন যুক্তরাজ্যের ডিফেন্স স্টাফের প্রধান জেনারেল ডেভিড রিচার্ডস।
এক সাক্ষাৎকারে তিনি পরামর্শ দিয়ে বলেছেন, ন্যাটোর উচিত লিবিয়ার অবকাঠামোতে আঘাত করা যা ন্যাটোর হামলা তালিকায় নেই।
লিবিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষা করতে জাতিসংঘের অনুমোদন নিয়ে লিবিয়ায় সীমিত লক্ষ্যস্থলে বিমান হামলা চালাচ্ছে ন্যাটো। ন্যাটো জানিয়েছে হামলার লক্ষ্য লিবিয়ার সামরিক স্থাপনা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সরকার প্রধানেরা জানিয়েছেন, ক্ষমতা থেকে গাদ্দাফিকে না হটানো পর্যন্ত ন্যাটোর এই হামলা অব্যাহত থাকবে।
লিবিয়ায় ন্যাটোর সামরিক হামলাকে 'উল্লেখযোগ্য সাফল্য' হিসেবে বর্ণনা করে রিচার্ডস বলেন, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করতে ন্যাটোকে আরো বেশি কিছু করতে হবে।
রিচার্ডস বলেন, "আমরা যদি এ খেলা এখনই শেষ না করি তাহলে যুদ্ধ শেষেও গাদ্দাফিকে ক্ষমতায় দেখতে পাওয়ার ঝুঁকি থেকে যাবে"।
"এই মূহুর্তে, লিবিয়ার অবকাঠামোগত লক্ষ্যস্থলে আঘাত হানছে না ন্যাটো। কিন্তু আমরা যদি গাদ্দাফি সরকারের ওপর চাপ বাড়াতে চাই তাহলে আমাদের সম্ভাব্য হামলার লক্ষ্যস্থল আরো বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে হবে" বলেন তিনি।
লিবিয়ায় ৪১ বছর ধরে গাদ্দাফির একনায়কতন্ত্র অবসানের লক্ষ্যে তিনমাস ধরে বিদ্রোহীরা সরকারের অনুগত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা দেশটির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চল ও দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি নিয়ন্ত্রণ করছে।
সম্প্রতি পশ্চিমের বন্দর শহর মিসরাতা ও পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকার নিয়ন্ত্রণ প্রাধান্য পাওয়ার পর থেকে যুদ্ধে কিছুটা অচলাবস্থা বিরাজ করছে।
রিচার্ডস পরামর্শ দিয়ে বলেন, "ন্যাটো গাদ্দাফিকে সরাসরি লক্ষ্যে পরিণত না করলেও সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রে গাদ্দাফির অবস্থানকালে সেখানে ন্যাটোর হামলায় তিনি নিহত হলে তা জাতিসংঘের নির্দেশনার বরখেলাপ হবে না।"
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স জেনারেল রিচার্ডসের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিবিসি টেলিভিশনে বলেন, রিচার্ডসের বক্তব্যের মূল বিষয়ের সাথে অনেকেই একমত। তবে মিত্রদের থেকে যুক্তরাজ্যের পরিকল্পনা কিছুটা বিস্তৃত। যুক্তরাজ্যের পরিকল্পনা হচ্ছে গাদ্দাফির ট্যাংক নয় বরং তার সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও গোয়েন্দা সামর্থ্য ধ্বংস করা।
এদিকে, সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানো জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন প্রধান ভ্যালেরি আমোস বলেছেন, "যত দ্রুত সম্ভব লিবিয়া বিষয়ে আমাদের একটি রাজনৈতিক সমাধান দরকার। যুদ্ধের তীব্রতা বাড়লে সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়ে। আর এ বিষয়ে আমি উদ্বিগ্ন"।
ফিলিস্তিনের পশ্চিম তীর পরিদর্শনের সময় বিবিসি রেডিওকে একথা বলেন তিনি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৭ ঘ.
bdnews24