জম্মু, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারত ও পাকিস্তানের সীমান্তে রোববার সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
শনিবার সীমান্তে টহলের সময় পাকিস্তানি সেনারা এক ভারতীয় সেনাকে হত্যার পর এ গুলি বিনিময় হলো।
জম্মু সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরের একটি সীমান্ত ফাঁড়িতে দু'পক্ষ গুলিবিনিময় করেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র এক মুখপাত্র বলেন, "উমরা ওয়ালি পোস্ট এ পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি শুরু করে। আমরা এর পাল্টা জবাব দিয়েছি।"
পাকিস্তান সীমান্তের এক নিরাপত্তা কর্মকর্তা গুলি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করলেও প্রথমে গুলি শুরু করার বিষয়টি অস্বীকার করেছে।
সেইসঙ্গে এ ঘটনায় তিন পাকিস্তানি সেনা আহত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
ভারতের পক্ষ থেকে জানানো হয়, ওয়ালি পোস্ট এলাকায় শনিবার নিয়মিত টহলের সময় পাকিস্তানি সেনারা গুলি করলে এক ভারতীয় সেনা আহত হয়। পরে হাসপাতালে ওই সেনা মারা যায়।
গত এক বছরের মধ্যে পাকিস্তানি সেনাদের গুলিতে এই প্রথম কোনো ভারতীয় সেনা নিহত হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৪ ঘ.
bdnews24