২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা মিশনের নিন্দায় পাক পার্লামেন্ট

ওসামা বিন লাদেনকে হত্যায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের অভিযানের নিন্দা জানিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। এ ধরনের ঘটনা আবার ঘটলে আফগানিস্তানের মার্কিন বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন পাকিস্তানের আইন প্রণেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ইসলামাবাদ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেনকে হত্যায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের অভিযানের নিন্দা জানিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। এ ধরনের ঘটনা আবার ঘটলে আফগানিস্তানের মার্কিন বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন পাকিস্তানের আইন প্রণেতারা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র প্রধান আহমেদ সুজা পাশা আল কায়দার শীর্ষ নেতাকে হত্যার বিষয়াদি শনিবার পার্লামেন্ট সদস্যদের কাছে তুলে ধরেন। এরপর পার্লামেন্টের এক প্রস্তাবে ওসামা মিশনের বিষয়ে একটি তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। গত ১ মে রাতে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদ এলাকায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের এক অভিযানে নিহন হন আল কায়দার শীর্ষ নেতা বিন লাদেন। এ অভিযানের খবর পাকিস্তানকে আগে বলেনি ওয়াশিংটন। বিন লাদেনের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সেনা অভিযান- দুটোই না জানার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সমালোচনা চলছে দেশে। অন্যদিকে ভারত ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ইঙ্গিত, পাকিস্তান জঙ্গিবিরোধী তৎপরতায় হয় ব্যর্থ, নয় তো তারা মদদ দিচ্ছে। পাকিস্তানের পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়, "পার্লামেন্ট এ ধরনের অভিযানের নিন্দা জানাচ্ছে। কারণ এটা পাকিস্তানের সার্বভৌমত্ব নস্যাতের মতো ঘটনা।" পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা একযোগে বলেছেন, পাকিস্তানের জাতীয় স্বার্থ রক্ষায় এরপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সম্পর্ক অব্যাহত রাখা ঠিক কি না, তা সরকারের পুনর্বিবেচনা করা উচিত। আফগানিস্তান থেকে পাকিস্তানি ভূখণ্ডে চালকবিহীন বিমান থেকে মার্কিন হামলা বন্ধেরও দাবি জানান আইনপ্রণেতারা। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর আফগান অভিযান শুরুর পর গত কয়েকবছরে ড্রোন হামলায় বহু পাকিস্তানি নিহত হয়েছে, যা নিয়ে দেশটির জনগণের ক্ষোভ রয়েছে। পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়, এ ধরনের ড্রোন বা চালকবিহীন বিমান হামলা 'অগ্রহণযোগ্য'। এটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধে সরকারকে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া যেতে পারে। বিন লাদেন হত্যার মিশনের বিষয়ে পাকিস্তানকে আগে না জানানোর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান লিও প্যানেট্টা বলেন, পরিকল্পনা ফাঁস হওয়ার শঙ্কা থেকেই ইসলামাবাদকে কিছু জানানো হয়নি। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সোমবার বলেছেন, বিন লাদেন হত্যার মিশন শুরুর ১৫ মিনিটের মধ্যেই তাকে জানানো হয়েছিলো। তবে আল কায়দার শীর্ষ নেতাকে হত্যায়ই যে অভিযান চলছে, তা তাকে বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৬৩০ ঘ.