ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল-কংগ্রেস জোট ২২৬টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। আর ক্ষমতাসীন বামফ্রন্ট পেয়েছে ৬২টি। ছয়টি আসনে জয় পেয়েছে অন্যান্য দল।
এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান হলো। ১৯৭৭ সালের ২১ জুন থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলো বামফ্রন্ট।
দুপুর পৌনে ৩টার দিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসন নিশ্চিত হওয়ার পরপরই পশ্চিমবঙ্গে তৃণমূল-কংগ্রেস জোটের সমর্থকরা উল্লাসে মেতে উঠে।
এর আগে পরাজয় আঁচ করতে পেরে দুপুর দেড়টার দিকে রাজ্যভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেন বর্তমান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবারের নির্বাচনে নিরূপম সেন, অশোক ভট্টচার্যের সঙ্গে বুদ্ধদেব নিজেও পরাজিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মমতা ব্যানার্জি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ভীষণ খুশী।"
অন্যদিকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এক যুক্ত বিবৃতিতে এই পরাজয়কে 'অপ্রত্যাশিত' বলে উল্লেখ করেছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গত ১৮ এপ্রিল প্রথম দফায় ৫৪টি আসনে ভোট গ্রহণ করা হয়। এরপর ২৩ এপ্রিল ৫০টি আসনে, ২৭ এপ্রিল ৭৫টি আসনে, ৩ মে ৬৩টি আসনে, ৭ মে ৩৮টি আসনে এবং সর্বশেষ ১০ মে ১৪টি আসনে ভোটগ্রহণ হয়। কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয় শুক্রবার সকাল ৮টায়।
তৃণমূল কংগ্রেসের 'পরিবতর্ন' আর বামফ্রান্টের 'প্রত্যাবর্তন' শ্লোগানের লড়াইয়ে নির্বাচনের আগেই গরম হয়ে ছিল রাজনীতির মাঠ। উত্তেজনা বেড়ে চলায় নেওয়া হয়েছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থাও।
বিশেষ করে রাজ্যের সীমান্তবর্তী মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়। জেলার সীমান্তগুলোতে বসানো হয় বিশেষ নিরাপত্তা চৌকি।
এর আগে ২০০৬ সালের ৮ মে সর্বশেষ বিধানসভার নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। ওই নির্বাচনে বামফ্রন্ট পায় ২৩৩টি আসন। আর তৃণমূল-কংগ্রেস জোট পেয়েছিল ৫৪টি।
শুক্রবার কেরালা, তামিলনাডুসহ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তবে ভারতের রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের 'পরিবর্তনের' ডাকের কারণে পুরো ভারতের চোখ ছিল পশ্চিমবঙ্গের দিকেই। ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে তিনি এই জোটের নেতৃত্ব দিচ্ছেন।
অপরদিকে ক্ষমতাসীন বামফ্রন্ট 'অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের' ডাক দিয়ে ভোটের মাঠে নামে। দলের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ সালের ৬ নভেম্বর থেকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজ্যে বিগত পঞ্চায়েত, পৌরসভা ও লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ব্যাপক ভরাডুবি হয়। এবার বিধানসভা নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় থাকলো। এই ভরাডুবির পেছনে সিঙ্গুর, নন্দীগ্রাম, রেজওয়ান হত্যাকাণ্ডসহ বিভিন্ন ইস্যু মুখ্য ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/কেএমএস/জেকে/১৭১৪ ঘ.
bdnews24