ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা মিশনের পর থেকে বিন লাদেনের এক ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ওই ছেলের নাম হামজা।
মঙ্গলবার এবিসি সংবাদ সংস্থা পরিবেশিত খবরের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানায়।
পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃত করে এবিসি জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা বিন লাদেনের তিন স্ত্রী দাবি করেছেন, ২ মে অ্যাবোটাবাদের বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানের পর থেকে বিন লাদেনের ওই ছেলের খোঁজ মিলছে না।
বিন লাদেনের ছেলের বিষয়ে নিশ্চিত না হলেও পাকিস্তানি তদন্তকারীরা কেউ একজন নিখোঁজ হয়েছেন বলে ধারণা করছেন।
মার্কিন কর্তকর্তারা জানিয়েছে, বিন লাদেনের একজন ছেলে অভিযানের সময় নিহত হয়েছে। তবে 'হামজা' নামে বিন লাদেনের আরেক ছেলে অভিযানের সময় কম্পাউন্ডে ছিল কি না এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
জানা গেছে, পাকিস্তানি হেফাজতে থাকা বিন লাদেনের তিন স্ত্রীর একজন হামজার মা।
তবে অভিযান শেষে বিন লাদেনের লাশ ছাড়া অন্য কাউকে ওই কম্পাউন্ড থেকে নিয়ে যাওয়ার কথা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
ওসামা বিন লাদেন পাঁচটি বিয়ে করেছিলেন। তার সন্তানের সংখ্যা অন্ততপক্ষে ১৮ জন। কিন্তু তাদের কেউই বিন লাদেনের মৃত্যুর পর উত্তরসূরী হিসেবে আল কায়েদার নেতৃত্ব গ্রহণের তালিকায় নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫২ ঘ.
bdnews24