আম্মান, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার দু'টি শহর বানিয়াস এবং হোমস এ সোমবার ব্যাপক ধরপাকড় চালিয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ দমন করতে এ শহর দুটিতে সেনা ও ট্যাংক পাঠানো হয়েছিলো আগেই।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হোমস এবং বানিয়াস এ বহু মানুষ আটক হওয়ার কথা জানিয়েছে। মানবাধিকার সংগঠনটির মুখপাত্র বলেন, "আজ গোটা সিরিয়া জুড়েই ধরপাকড় চলেছে। ইতোমধ্যেই হাজার ছাড়ানো আটকের সংখ্যা এতে আরো বেড়েছে।"
সিরিয়ার হোমস শহরে শুক্রবার বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়। আহত হয় আরো বহু সংখ্যক মানুষ। একইদিনে দামেস্কর মিদান জেলায় বিরোধী নেতা রিয়াদ সাঈফকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।
শনিবার বানিয়াসে চড়াও হয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা দেশটির ক্ষমতাসীন বাথ পার্টির তথা বাশার আল-আসাদের শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে।
সিরিয়ান অবজারভেটরির হিসাবমতে, সিরিয়ায় গণবিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত ৬২১ জন বেসামরিক নাগরিক এবং ১২০ জন সেনা নিহত হয়েছে। তবে সিরিয়ার অন্য আরেকটি মানবাধিকার সংস্থা সাওয়াসিয়াহ বলেছে, ৮ শ'রও বেশি মানুষ নিহত হয়েছে।
পশ্চিমা এক কূটনীতিক গত সপ্তাহে বলেন, সিরিয়ায় আটক হয়েছে প্রায় ৭ হাজার মানুষ। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, কেবল মাত্র বানিয়াসেই আটক হয়েছে ৪শ থেকে ৫ শ মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৯ ঘ.
bdnews24