ত্রিপোলি, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার বিমান বন্দরের কাছে গাদ্দাফি অনুগত সরকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে।
এ লড়াইয়ের মধ্যেই গাদ্দাফির গোলন্দাজ বাহিনীর ওপর বিমান হামলা চালাচ্ছে ন্যাটো।
মিসরাতা থেকে আবদুল সালাম নামে বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, "মিসরাতা বিমানবন্দর ও বিমানবন্দরের কাছের বিমান বাহিনীর কলেজ এলাকায় তুমুল লড়াই চলছে। আমরা এখনও গোলন্দাজ বাহিনীর গোলাবর্ষণের শব্দ ও রকেটের শব্দ পাচ্ছি।"
লিবিয়ার পশ্চিমাংশে বিদ্রোহীদের দখলে থাকা একমাত্র শহর মিসরাতা, এ শহরটিকে বিদ্রোহীদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। যুদ্ধ কৌশলের দিক থেকে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গাদ্দাফি অনুগত সরকারী বাহিনী শহরটি অবরোধ করে রেখেছে। আবরোধ ভাঙার জন্য সরকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহীরা কয়েক সপ্তাহ যাবৎ তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে।
"মিসরাতার পূর্বে ন্যাটো আজ হামলা চালিয়েছে, কিন্তু আমরা বিনস্তারিত কিছু জানতে পারিনি", রয়টার্সকে জানিয়েছেন সালাম।
যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়া পশ্চিমাঞ্চলের জিনতান শহরের গুলিগোলার মজুদে রোববার হামলা চালিয়েছে ন্যাটো।
পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা ও প্রধান শহর বেনগাজি দখল করে আছে বিদ্রোহীরা আর দেশের বাকী অঞ্চল ও রাজধানী ত্রিপোলি সরকারী বাহিনীর কব্জায় আছে।
ন্যাটো জানিয়েছে, শনিবার তারা গাদ্দাফি সেনাদের অবস্থান লক্ষ্য করে ১৫৩টি হামলা চালিয়েছে।
রোববার রাষ্ট্রীয় আল-জামাহিরিয়া টেলিভিশনের এক সংবাদে বলা হয়, বিদ্রোহীদের একটি দল সরকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তবে বিদ্রোহীরা খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
শুক্রবার সরকারী বাহিনী মিসরাতায় জ্বালানী ডিপোতে বোমাবর্ষণ করে। এতে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২০ ঘ.
bdnews24