২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন প্রসঙ্গে পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ

পাকিস্তানের কোন চক্রের সমর্থন নিয়ে ওসামা বিন লাদেন অ্যাবোটাবাদের বাড়িতে দীর্ঘদিন লুকিয়ে ছিলেন তা দেশটিকে তদন্ত করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের কোন চক্রের সমর্থন নিয়ে ওসামা বিন লাদেন অ্যাবোটাবাদের বাড়িতে দীর্ঘদিন লুকিয়ে ছিলেন তা দেশটিকে তদন্ত করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ২ মে মার্কিন নেভি সিল সেনাদের আকস্মিক অভিযানে ওই বাড়িতে নিহত হন বিন লাদেন। যুক্তরাষ্ট্রের সিবিএস চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠান '৬০ মিনিট' -এ ওবামা বলেন- "ইসলামাবাদকে অবশ্যই তদন্ত করে দেখতে হবে বিন লাদেন কোথায় ছিলেন তা কোনো সরকারি কর্মকর্তা জানত কিনা"। সিবিএস চ্যানেলে রোববার প্রচারিত ওই অনুষ্ঠানে ওবামা বলেন, পাকিস্তানের অভ্যন্তরে বিন লাদেনের অবশ্যই "কোন সমর্থনকারীর দল ছিল", তবে কোনো সরকারি কর্মকর্তা এর সাথে জড়িত ছিলো কিনা তা তার জানা নেই। "আমরা জানি না, হয়তো পাকিস্তান সরকারের ভিতরের কিছু লোক, সরকারের বাইরের কিছু লোক এর সাথে জড়িত। এই বিষয়টিই আমরা তদন্ত করতে চাচ্ছি"- বলেন ওবামা। গত বুধবার সাক্ষাৎকারটি ধারণ করা হয় বলে বিবিসি জানায়। এরআগে এনবিসি চ্যানেলের টকশো 'মিট দ্য প্রেস'এ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন বলেন, বিন লাদেন কিভাবে পাকিস্তানের রাজধানী থেকে অল্প দূরত্বে মিলিটারি একাডেমির পাশে ছয় বছর বসবাস করলো তা অবশ্যই ইসলামাবাদকে ব্যাখ্যা করতে হবে। ওবামা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিন লাদেনের স্ত্রীদের জেরা করতে চায় যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৫ ঘ.