চক শাহ মোহাম্মদ, পাকিস্তান, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যাবোটাবাদের পাশের গ্রাম চক শাহ মোহাম্মদের অধিবাসীরা মনে করেন, কোনোভাবেই প্রায় আড়াই বছর ওই এলাকায় লুকিয়ে থাকা ওসামা বিন লাদেনের পক্ষে সম্ভব ছিল না।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কাছে এমনই মত প্রকাশ করেছেন গ্রামবাসীরা।
এক পাকিস্তানি তদন্ত কর্মকর্তা জানান, ২ মে অ্যাবোটাবাদে উঁচু দেয়ালে ঘেরা ওই কম্পাউন্ডের মধ্যে লাদেনকে হত্যা করার পর তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়। ২০০৫ সালে অ্যাবোটাবাদ যাওয়ার আগে তারা চক শাহ মোহাম্মদে ছিলেন।
কিন্তু গ্রামবাসীরা দাবি করছেন, এটা অসম্ভব।
মো. নাসির নামে এক ব্যক্তি বলেন, "এ গ্রামে কোন গরুটার বাছুর হবে, সেটা পর্যন্ত গ্রামের সবাই জানে। তাহলে লাদেন ও তার পরিবার কীভাবে এখানে এতদিন লুকিয়ে থাকতে পারেন? আমি নিশ্চিত, লাদেন এখানে ছিলেন না।"
৬৫ বছর বয়স্ক মো. নাসির পাকিস্তানি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য।
চক শাহ মোহাম্মদ গ্রামটি অ্যাবোটাবাদের খুব কাছেই। গ্রামে আছে ১২০ টি ছোট ছোট ঘর আর মাত্র ৪শ মানুষ। তাদের মধ্যে অনেকেই শহরে কাজ করেন।
ওই গ্রামের আরেক অধিবাসী হাফিজ রফিক বলেন, "এটা অসম্ভব... এখানে সবাই সবাইকে চেনে।... আমরা সবাই এক গোত্রের। কারো বাড়িতে মেহমান আসলেও পুরো এলাকায় খবর হয়ে যায়।"
চক শাহ মোহাম্মদে কৃষক-কিষাণীরা বছরের প্রথম গম কাটছিলেন রোববার। লাদেন সেখানে লুকিয়ে ছিলেন কিনা এরকম জিজ্ঞাসাবাদে খানিকটা ভীত হয়ে পড়েন তারা।
এর আগে শনিবার এক পাকিস্তনি গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, অ্যাবোটাবাদের বাড়িতে ওঠার আগে হরিপুর জেলার একটি গ্রামে প্রায় আড়াই বছর ছিলেন বিন লাদেন জিজ্ঞাসাবাদে একথা তাদের জানিয়েছেন লাদেনের কনিষ্ঠা স্ত্রী আমল আহমেদ আবদুলফাত্তাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/জেকে/২৩০০ঘ.
bdnews24