ওয়াশিংটন, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের কথা, আবু আহমেদ আল-কুয়েতি নামের এক ছদ্মনামী পাকিস্তানির ফোন কল সনাক্ত করে যুক্তরাষ্ট্র। পুরনো এক বন্ধু ফোন করেছিলেন কুয়েতিকে।
"তুমি কোথায়, আমরা তোমার অভাব অনুভব করছি, তোমার দিনকাল কেমন যাচ্ছে, এখন তুমি কী করছো", ইত্যকার সাধারণ প্রশ্নের উত্তর দিতে গিয়েই ধরা খেলেন কুয়েতি।
কুয়েতির জবাব কিছুটা অস্পষ্ট হলেও বোঝা গেলো- "আগে যাদের সঙ্গে ছিলাম, তাদের কাছেই ফিরে এসেছি আমি।"
কুয়েতির এই ফোন কলটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ ছিলো এই জন্য যে ওসামা বিন লাদেনের বার্তা বাহক হিসেবে তাকে চার বছর ধরে খুঁজছিলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
'ফিরে এসেছি আমি'- এ কথা বলার পর একটু দম নিয়েছিলেন কুয়েতি, যেন বন্ধুকে বোঝাতে চাইছিলেন-তিনি বিন লাদেনের দলে আবার ফিরে এসেছেন।
বন্ধুটির জবাব এলো- খোদা সহায় হোন।
এই ফোন কলের সূত্র ধরেই ওসামা বিন লাদেনের অবস্থান সনাক্ত করা হয় বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট শনিবার জানিয়েছে।
তাদের কথোপকথনের সূত্র ধরেই গোয়েন্দারা বুঝতে পারলো, এক দশক ধরে যাকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে সেই ওসামাকে ধরার খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা।
এর তদন্ত করেই গোয়েন্দারা পাকিস্তানের রাজধানী থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অ্যাবোটাবাদে ওসামার গোপন আস্তানায় পৌঁছে যায়, যেখানে গত ১ মে রাতে অভিযানে নিহত হন আল কায়দার শীর্ষ নেতা।
কুয়েতিকে যেহেতু ওসামার বার্তা বাহক হিসেবে মনে করতো, তাই তাকে অনুসরণ করে অ্যাবোটাবাদের ওই ভবন সনাক্ত করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তবে ওসামা আদতে আছেন কি না, তা অভিযানের সময়ও পুরোপুরি নিশ্চিত ছিলো না গোয়েন্দা কর্মকর্তারা।
তিন তলা ওই ভবনে কোনো টেলিফোন অথবা ইন্টারনেট সংযোগ ছিলো না। ফলে ফোন কল ট্রেস বা ইন্টারনেট ব্যবহার থেকে কোনো তথ্য পাওয়ার সুযোগও ছিলো না।
গোয়েন্দারা আরো হতভম্ব হলো যখন দেখলো, কুয়েতি বা অন্য কেউ মোবাইল থেকে একটি ফোন কল করার জন্য বাড়ি থেকে বেরিয়ে অন্তত ৯০ মিনিটের পথ গাড়ি করে আসে। তারপর সেটে ব্যাটারি ঢুকিয়ে তবেই ফোন করে। ভবনটি আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী গোয়েন্দাদেরও নজরের বাইরে রাখতে এ কাজ করতো তারা।
গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট ছবি পর্যবেক্ষণ করে একজনকে দেখতে পায়, যিনি প্রাঙ্গণে এক থেকে দুই ঘণ্টা হাঁটাহাঁটি করেন। ছবিতে তার মুখাবয়ব স্পষ্ট ছিলো না, তাকে 'পেসার' বলে ডাকতো গোয়েন্দারা।
এই 'পেসার' কখনোই বাড়ির বাইরে আসতেন না। তার জীবনাচারণ দেখে তাকে বন্দি মানুষের মতোই মনে হতো গোয়েন্দাদের কাছে। বিন লাদেনের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি বলে জানতো যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। পেসারের উচ্চতাও ছিলো সে রকমই।
এত সবের পরই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিদ্ধান্ত নেন অভিযানের। তবে তখনো নিশ্চিত তারা পুরোপুির নিশ্চিত ছিলেন না, তারা ওসামাকেই ওই ভবনে পাচ্ছেন কি না। নিশ্চিত হওয়ার জন্য সরাসরি গোয়েন্দা পাঠানোও ঝুঁকি মনে হচ্ছিলো।
গোয়েন্দা তথ্যের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৈঠকে বসেন নিরাপত্তা উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে। কী ধরনের অভিযান হবে, তা ঠিক করতে পারছিলেন না তারা। ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তাবও ওঠে, কিন্তু পরে নাকচ হয় তা। কারণ তাতে কে নিহত হলেন, ভষ্ম হয়ে তার পরিচয়ও অজানা থেকে যেতে পারে।
ওয়াশিংটন পোস্ট জানায়, বৈঠকে সবাই ৬০ থেকে ৮০ ভাগ নিশ্চিত হন যে ওই ভবনে ওসামাই রয়েছেন। তারপরই ঠিক হয়, অভিযান হবে। সায় পাওয়া যায় প্রেসিডেন্ট ওবামারও। সিআইএ প্রধান লিও প্যানেট্টা নকশায় ভবনটির স্থানে আঙুল রেখে বললেন- "এখান থেকেই বিন লাদেন অনুসন্ধানের 'কাহিনীচিত্র' শুরু করছি আমরা।"
শুরু হয় অভিযান, মারা পড়েন বিন লাদেন। আর পুরো ঘটনাটি ওয়াশিংটনে বসেই সহযোগীদের নিয়ে দেখেন প্রেসিডেন্ট ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24