২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মরক্কোর বোমা হামলায় আল কায়দা জড়িত নয়'

মরক্কোর মারাকেশ শহরে ক্যাফে'তে বোমা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে আল কায়দার উত্তর-পশ্চিম আফ্রিকা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

রাবাত, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মরক্কোর মারাকেশ শহরে ক্যাফে'তে বোমা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে আল কায়দার উত্তর-পশ্চিম আফ্রিকা শাখা। গত ২৮ এপ্রিল মারাকেশ শহরের এক ক্যাফেতে চালানো ওই বোমা হামলায় ফ্রান্সের আট নাগরিক এবং এক সুইস নারীসহ ১৭ জন নিহত হন। মৌরিতানিয়ার নোআকশুট ইনফো এজেন্সিতে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ অস্বীকৃতি জানায় 'আল কায়দা ইন ইসলামি মাগরেব' (একিউআইএম)। একইসাথে "কারগারে আটক নিপীড়িত সহযোগীদের মুক্ত করতে এবং অপরাধী দুর্বৃত্তের শাসন অবসানের জন্য" মরক্কোর মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এই শাসনাবসানের আহ্বানের মাধ্যমে স্পষ্টতই মরক্কোর বাদশাহ মোহাম্মদ এবং তার সরকার হঠানোর ইঙ্গিত করা হয়েছে। বিবৃতিতে তারা বলেন,"বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করছি আমরা। আর এটাও নিশ্চিত করছি যে, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই এ বিষয়ে আমাদেও কোনো যোগসাজশ নেই।" "ইহুদি ও ক্রুসেডারদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আঘাত করা আমাদের মূল লক্ষ্যগুলোর অন্যতম এবং এ কাজে এগিয়ে আসতে আমরা মুসলিমদের আহ্বান করে থাকি, কিন্তু আমরা সঠিক সময় ও স্থানেই সে আঘাত হানি।" ক্যাফেতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার মরক্কো পুলিশ তিন ব্যক্তিকে আটক করে । এদের মধ্যে প্রধান সন্দেভাজন ব্যাক্তিটি আল কায়দার 'অনুগত' বলে পুলিশ জানায়। উত্তর আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় এলাকাকে 'মাগরেব' বলা হয়ে থাকে। ওই অঞ্চলের ছয় রাষ্ট্র মরক্কো, পশ্চিম সাহারা, আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া এবং মৌরিতানিয়াকে একত্রে মাগরেব দেশ হিসেবেও আখ্যায়িত করা হয়। 'একিউআইএম' হলো পুরো মাগরেব অঞ্চলের একটি সংগঠন যারা বিভিন্ন হামলার (বিশেষ করে আলজেরিয়াতে) সঙ্গে জড়িত। এরা আল কায়দার একটি শাখা হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এএমটি/১৩৪৯ ঘ.