২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের স্ত্রীর দাবি, ৫ বছর ধরে তারা অ্যাবোটাবাদে

আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন গত ৫ বছর ধরে অ্যাবোটাবাদের বাড়িতেই বসবাস করছিলেন বলে জানিয়েছেন তার এক স্ত্রী আমল আহমেদ আব্দুলফাত্তাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ইসলামাবাদ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন গত ৫ বছর ধরে অ্যাবোটাবাদের বাড়িতেই বসবাস করছিলেন বলে জানিয়েছেন তার এক স্ত্রী আমল আহমেদ আব্দুলফাত্তাহ। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার বলেন, গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে আমল এ তথ্য জানিয়েছেন। লাদেনের ৫ স্ত্রীর মধ্যে সর্বকনিষ্ঠ আমল আহমেদ আব্দুলফাত্তাহ সোমবার মার্কিন অভিযানে আহত অবস্থায় গ্রেফতার হন। লাদেনের মৃতদেহ সরানোর পর পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ওই বাড়ি থেকে অন্তত ১৫ জনকে গ্রেফতার করে। সোমবারের ওই অভিযানের পর যুক্তরাষ্ট্র জানায়, তথ্য ফাঁস হয়ে যেতে পারে এই আশঙ্কায় তারা পাকিস্তানি কর্তৃপক্ষকে আগে থেকে কিছুই জানায়নি। ফলে বিন লাদেন কীভাবে এতো দীর্ঘ সময় রাজধানী ইসলামাবাদের এতো কাছে একটি বাড়িতে অবস্থান করছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা আইএসআই ব্যাপক চাপের মধ্যে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/জেকে/২৩০২ ঘ.