২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো ঘটনা জানতে চায় জাতিসংঘ

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা সংক্রান্ত পুরো ঘটনা প্রকাশে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার পরিদর্শকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

জেনেভো, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা সংক্রান্ত পুরো ঘটনা প্রকাশে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার পরিদর্শকরা। বিন লাদেনকে জীবিত অবস্থায় আটকের কোনো সুযোগ বা পরিকল্পনা ছিলো কিনা সে বিষয়টিও স্পষ্ট করতে বলেছেন তারা। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ পরিদর্শক ক্রিস্টোফ হেইনস এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ পরিদর্শক মার্টিন সেইনিন শুক্রবার এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। তারা বলেন, "ওসামা বিন লাদেনকে হত্যায় আন্তর্জাতিক মানবাধিকার আইন মানা হয়েছে কিনা তা পর্যালোচনার জন্য যুক্তরাষ্ট্রের পুরো ঘটনা প্রকাশ করা উচিত।" বিবৃতিতে বলা হয়, "অভিযানে বিন লাদেনকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা ছিলো কিনা সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ।" সোমবার ভোররাতে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ইউএস নেভি সিল টিমের সদস্যরা। সকালে টেলিভিশন ভাষণে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এর মাধ্যমে ন্যায়বিচার হয়েছে। কিন্তু ওই অভিযানে নিরস্ত্র বিন লাদেনকে গ্রেপ্তার না করে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠে। বুধবার পশ্চিম জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট স্মিডট জার্মান টেলিভিশনে বলেন, "এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।" অস্ট্রেলিয়ার মানবাধিকারকর্মী জিওফ্রে রবার্টসনও একই মত প্রকাশ করেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন টেলিভিশনে তিনি বলেন, "এটি ন্যায়বিচার নয়। এটি ন্যায়বিচার শব্দটির বিকৃতি। ন্যায়বিচার বলতে বোঝায় অভিযুক্তকে আদালতের মুখোমুখি করা, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া।" বিন লাদেনকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাবর্টসন আরো বলেন, নুরেমবার্গে যেভাবে নাৎসী বাহিনীর সদস্যদের বিচার হয়েছে, হেগের যুদ্ধাপরাধ আদালতে যেভাবে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্টের বিচার হয়েছে তেমনি বিন লাদেনেরও বিচার হতে পারতো। নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ গার্ট-জান নুপস বলেন, বিন লাদেনকে গ্রেপ্তার করা এবং যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা উচিত ছিলো। নয়া দিল্লির ইসলাম ধর্মীয় নেতা সৈয়দ আহমেদ বুখারি বলেন, বিন লাদেনকে সহজেই আটক করতে পারতো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তিনি বলেন, "আমেরিকা সব জায়গায় বুনো শাসন চালু করছে। আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, লিবিয়া- সর্বত্র চলছে আমেরিকার এ তৎপরতা। মানুষ দীর্ঘদিন নীরব রয়েছে। কিন্তু এখন তা সীমা ছাড়িয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২০৫৫ ঘ.