ওয়াশিংটন, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন কমান্ডোদের গুলিতে নিহত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের লাশের ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ছবি প্রকাশের ফলে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এবং জঙ্গিদের অপপ্রচারণার অস্ত্র হিসেবে ছবিগুলো ব্যবহৃত হওয়ার আশঙ্কায় ওবামা বুধবার এ সিদ্ধান্ত নেন।
বিন লাদেন হত্যার কোনো প্রমাণ নেই বলে কিছু মানুষ যে বিতর্ক তুলেছে, মৃতদেহের ছবি প্রকাশ না করার সিদ্ধান্তে তা আরো ঘণীভূত হতে পারে, এমন যুক্তি খ-ন করে ওবামা বলেন-
"বিন লাদেন মারা গেছেন এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা মনে করছি ছবি প্রকাশ করা বা না করায় ঘটনার কোনো পরিবর্তন হবে না।"
"তবে যারা এটি অস্বীকার করছে তাদের মাধ্যমে কিছু লোকগাথার জন্ম হতে পারে। তবে এ বিষয়ে বাস্তবতা হচ্ছে, তারা আর কখনো বিন লাদেনকে পৃথিবীর বুকে হাঁটতে দেখবে না।"
যুক্তরাষ্ট্রের সিবিএস চ্যানেলের '৬০ মিনিট' অনুষ্ঠানে ওবামা এসব কথা বলেন।
তিনি বলেন,"আমি মনে করি এই ছবিগুলো প্রকাশ করা হলে জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি হতে পারে। এটি নিশ্চিত করাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে, এই ছবিগুলো যার, মাথায় গুলিবিদ্ধ সেই ব্যক্তি প্রচারণার অস্ত্র রূপে নতুন কোন সহিংসতার উস্কানি দেওয়ার জন্য ভেসে বেড়াচ্ছে না।"
ওবামার সিদ্ধান্ত তার প্রশাসনে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। সিআইএ'র পরিচালক লিয়ন পেনেট্টা মঙ্গলবার বলেছিলেন ছবিগুলো প্রকাশ হওয়া দরকার।
ছবিগুলো প্রকাশ হলে মুসলিম বিশ্বে কি ধরনের প্রতিক্রিয়া হবে ওয়াশিংটন তা গুরুত্বের সাথে বিবেচনা করছে। হোয়াইট হাউজের মুখপত্র জে কার্নি ছবিগুলোকে 'ভয়াবহ' বলে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর কেলি আয়োত্তি জানিয়েছেন, তিনি গুলিবিদ্ধ বিন লাদেনের মুখের একটি ছবি দেখেছেন এবং তাতে তিনি নিশ্চিত হয়েছেন এটি বিন লাদেনেরই মুখ।
এদিকে, আইন বহির্ভূতভাবে বিন লাদেনকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার। তিনি জানান, যুক্তরাষ্ট্রের যে কমান্ডোরা বিন লাদেনকে হত্যা করেছে তারা জাতীয় আত্মরক্ষা আইনের আওতায় এ কাজ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪২ ঘ.
bdnews24