ইমরান খান
সোমবার সকালে পাকিস্তানের মানুষের ঘুম ভাঙে ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর দিয়ে। অথচ এ খবরটি দেশের কোনো নেতা কিংবা প্রধানমন্ত্রী, এমনকি সামরিক বাহিনীর প্রধানের কাছে পায়নি। খবরটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে; তিনি টেলিভিশনে হাজির হলেন, বিশ্বকে জানালেন, কীভাবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র দুই ঘণ্টার দূরের একটি শহরে বিন লাদেনের অবস্থান সনাক্ত করেছে।
এরপরও যখন দেশের কোনো নেতাদের কাছ থেকে কোনো বক্তব্য মিললো না, তখন পাকিস্তানিরা আরো বোকা বনে গেলো। মুখে মুখে শুধু প্রশ্ন আসতে শুরু করলো- যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পাকিস্তানে প্রবেশ এবং এ ধরনের হামলা চালানোর অনুমতি কে দিয়েছিলো? পাকিস্তানি সামরিক বাহিনী এবং এর গোয়েন্দারাই বা তখন কী করছিলো? তবে এ সবের উত্তর মেলেনি।
আমরা আরো আশ্চর্য হলাম তারপর, যখন অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর পাকিস্তানের সরকার এবং পশ্চিমা গণমাধ্যম থেকে পরস্পরবিরোধী বক্তব্য আসছে। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করছেন, পাকিস্তানের কাছ থেকে তথ্য পেয়েই যুক্তরাষ্ট্র বিন লাদেনকে ধরতে পেরেছে; সেখানে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং পশ্চিমা গণমাধ্যম বলছে, এ ঘটনায় পাকিস্তান কোনো তথ্য দেওয়া তো দূরের কথা, আগে থেকে তারা কিছু জানতোই না।
সব মিলিয়ে পাকিস্তানের সামনে এখন যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তা হলো, যদি পাকিস্তানের সরকারের কাছে বিন লাদেন সম্পর্কে তথ্য থাকতোই, তবে কেন আমরা নিজেরাই তাকে খুঁজে বের করিনি? কেন আমেরিকান গোয়েন্দাদের দিকে আমাদের চেয়ে থাকতে হয়েছে, যাদের আফগানিস্তান থেকে একটি এয়ারবাসে করে পাকিস্তানে এসে অভিযান চালিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র যে অবিশ্বাস দেখিয়েছে, তা আমাদের জন্য চরম অপমানজনক, তারা অভিযানের সময়ে পাকিস্তানের সব রাডার জ্যাম করে রেখেছিলো।
পাকিস্তানিরা এখন শুধু সংশয়ের মধ্যেই নয়, জাতীয় সম্মান, আত্মমর্যাদা এবং এর সঙ্গে সার্বভৌমত্ব হারিয়ে এক হতাশার মধ্যে ডুবেছে। এখন এ সব প্রশ্নের সঠিক উত্তর যদি না মেলে তবে পশ্চিমা বিশ্ব এবং ভারত খুব সহজেই অভিযোগ তুলতে পারে, পাকিস্তান বিন লাদেনের অবস্থান জানার পরও তাকে এবং অন্য সন্ত্রাসীদের রক্ষা করে আসছে।
বিন লাদেনকে ধরতে ইসলামাবাদের দেওয়া তথ্যে যুক্তরাষ্ট্র এগিয়ে গেছে- এ দাবি যদি সত্যি হয় তবে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানকে জাতির সামনে ব্যাখ্যা নিয়ে হাজির হওয়া উচিত- কেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিজেরা কাজটি করলো না। নইলে আমরা, যারা কি না বিশ্বের পঞ্চম বৃহৎ সেনাবাহিনী নিয়ে আছি-বিশাল ব্যয় করছি সামরিক খাতে, হারাবো বিশ্ববাসীর আস্থা।
অবশ্য এসব প্রশ্নের উত্তর আমরা কখানোই পাবো না, কারণ আমাদের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য সরকার এখন ক্ষমতায়।
এ পরিস্থিতি কীভাবে হলো? ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানে অবস্থান করছিলেন, তখন পাকিস্তানে কোনো আত্মঘাতী হামলা হয়নি। এরপর গত ১০ বছরে পাকিস্তানে ৩৪ হাজার নাগরিক নিহত হয়েছে, অর্থতৈতিক ক্ষতির পরিমাণ ৬ হাজার ৮০০ কোটি ডলার হারিয়েছে- এ পরিসংখ্যান খোদ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির। আর এর বিপরীতে যুক্তরাষ্ট্র সাহায্য এসেছে মাত্র ২ হাজার ৮০০ কোটি ডলার।
গত এক দশকে পাকিস্তানে লাখ লাখ মানুষ বসতভিটা হারিয়েছে, তালেবানের মতো অনেক জঙ্গি গোষ্ঠিও তৈরি করেছি আমরা। ২০১০ সালে পুরো পাকিস্তান জুড়ে পাঁচশ বোমা ফুটেছে এবং মানুষের রক্তে প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে বাণিজ্যিক রাজধানী করাচি, দেশের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান ক্ষয়ে যাচ্ছে জঙ্গিদের কারণে।
আমার যদি ২০০১ এবং ২০০২ এর দিকে তাকাই, ওই সময়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের তোরাবোরা অঞ্চলে হামলা চালানোর পর তালেবান জঙ্গিরা পাকিস্তান সীমান্তের প্রায় আড়াই হাজার এলাকায় ছড়িয়ে গেলো। যেখানে স্থানীয় আদিবাসীরা ইচ্ছেমত চলাফেরা করতে পারতো। তখন পর্যন্ত সেখানে কোনো যুদ্ধাবস্থার সৃষ্টি হয়নি।
ওই সময়ে পাকিস্তানের উচিত ছিলো, আল কায়েদা সদস্যদের খুঁজে বের করতে আদিবাসীদের কাজে লাগানো। এর পরিবর্তে আমরা নিজেদের এমন একটি পরিস্থিতিতে নিয়ে গেলাম, যেখানে যুক্তরাষ্ট্রের চাপে আমাদের সেনাবাহিনী আমাদেরই আদিবাসী গোষ্ঠির বিরুদ্ধে অভিযান শুরু করলো। ওই সব আদিবাসীরা বিদ্রোহী হয়ে উঠলো এবং এর ফল হিসেবে ২০০৪ সালের মধ্যে আমরা অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্র তৈরি করলাম, আর তা 'পাকিস্তানি তালেবান' তৈরির পথ করে দিলো।
সোমবারের ঘটনা পাকিস্তানকে আরো বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এর একটা ফলাফল আসবে এবং তা সামরিক বাহিনী এবং আইএসআই'র ওপর চাপ আরো বাড়াবে। আমরা কি এখন উত্তর ওয়াজিরিস্তানে আরো যে সব জঙ্গি লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করতে যাচ্ছি?
সত্যিটা হলো, পাকিস্তানের পক্ষে এখন কোনো ধরনের বাড়তি চাপ নেওয়া সম্ভব হবে না। আমাদের পক্ষে যেমন সম্ভব নয় জঙ্গিদের প্রতিশোধমূলক তৎপরতা প্রতিহত করা, তেমনি সম্ভব নয় নিজের সৈন্যদের কারো লক্ষবস্তুতে পরিণত করা। একই ভাবে সম্ভব নয় বর্তমান অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে চলা।
আমরা পাকিস্তানিরা কখনোই এমন একটি সরকার পাইনি, যা আমাদের প্রতিনিধিত্ব করে। তাই পাকিস্তানের এখন সময় এ যুদ্ধাবস্থার মধ্য থেকে বেরিয়ে আসা। বুঝতে হবে, এভাবে চললে ধ্বংসের আর বাকি থাকবে না।
সন্ত্রাসের ফল হিসেবে পাকিস্তানকে এখন যে অর্থনৈতিক ও মানবিক মূল্য দিতে হচ্ছে, তার ভার বয়ে যাওয়া আর কোনোভাবেই সম্ভব নয়। পাকিস্তানসহ বিশ্বের অন্য দেশগুলোকেও বুঝতে হবে, এ সমস্যার সমাধান একমাত্র রাজনৈতিকভাবেই সম্ভব। তা না হলে রাষ্ট্র যত দুর্বল হবে, চরমপন্থিরা দেশটিকে ততই পেয়ে বসবে।
যুক্তরাষ্ট্র হয়তো ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী, কিন্তু যুদ্ধ শেষ হতে এখনো অনেক বাকি।
ভাষান্তর: লায়লা নওশীন
bdnews24