২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এটা ছিলো হত্যার অভিযান'

আফগানিস্তান বা সীমান্তবর্তী কোনো দুর্গম পাহাড়ি গুহায় নয়-পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির কাছেই অভিজাত এক প্রাসাদে পাওয়া গেলো আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ওয়াশিংটন, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান বা সীমান্তবর্তী কোনো দুর্গম পাহাড়ি গুহায় নয়-পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির কাছেই অভিজাত এক প্রাসাদে পাওয়া গেলো আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে। অবস্থান জানার পর বিন লাদেনকে গ্রেপ্তার নয় হত্যার নির্দেশ ছিলো মার্কিন সেনাদের ওপর। নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "এটা ছিলো হত্যার অভিযান।" লাদেনের বাসভবন রাজধানী ইসলামাবাদ থেকে একশ' কিলোমিটার উত্তর-পূর্বের অ্যাবোটাবাদে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আবাসিক এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় কনিষ্ঠ স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন বিন লাদেন। ২০০৫ সালে নির্মিত ওই কম্পাউন্ডের তিনতলা ভবনে থাকতেন তিনি। কম্পাউন্ডটির চারপাশে ছিলো ১২ থেকে ১৮ ফুট উঁচু দেওয়াল। আশপাশের ভবনগুলোর দেওয়ালের চেয়ে তা ছিলো আটগুণ উঁচু। দেওয়ালের উপরে ছিলো কাটাতারের বেড়া। কম্পাউন্ডের ভিতরে একাধিক দেওয়ালের মাধ্যমে ভিতরের স্থাপনাগুলোকে সুরক্ষিত করা হয়েছিলো। কম্পাউন্ডের মুল ভবনে ঢোকার পথেই ছিলো দুটি সিকিউরিটি গেট। টেলিফোন ও ইন্টারনেট সংযোগ না থাকলেও কম্পাউন্ডটির দাম নিদেনপক্ষে ১০ লাখ মার্কিন ডলার হবে বলে মনে করেন পাকিস্তানি কর্মকর্তারা। ' সাড়ে নয় বছর পর' ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর বিন লাদেনকে ধরতে অভিযান শুরুকরে মার্কিন প্রশাসন। তাকে জীবিত বা মৃত ধরে দেওয়ার জন্য আড়াই কোটি ডলার পুরস্কারও ঘোষণা করা হয়। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। অবশেষে স্থানীয় সময় রোববার সাড়ে ১০ টার দিকে (বাংলাদেশ সময় সাড়ে ১১ টা) এক অভিযানে লাদেনকে হত্যার মধ্য দিয়ে 'সফল' হলো মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, লাদেনের এক ঘনিষ্ট বার্তা বাহককে বেশ কয়েক বছর ধরে অনুসরণ করে গোয়েন্দা বাহিনী। চার বছর আগে তার পরিচয় জানা যায়। গত অগাস্টে জানা যায় আবোতোবাদে তার বাস। তখন থেকে বিন লাদেনকে ধরার অভিযান নতুন করে গতি পায়। অ্যাবোটাবাদে সোমবার ভোররাতে মার্কিন সেনাদের অভিযানে লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সময় সোমবার সকালে টেলিভিশন ভাষণ দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, "বিন লাদেনের এ অবস্থান সম্পর্কে গত অগাস্টে আমাকে প্রথম জানানো হয়। তখন কেবলই অনুমানের মধ্যে ছিলো এটি। "পাকিস্তানের ভিতরে একটি স্থানে লাদেনের লুকিয়ে থাকা বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বারবার আমার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করতে থাকি। "অবশেষে গত সপ্তাহে আমার মনে হয়, পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট তথ্য আমাদের হাতে এসেছে। এরপর তাকে বের করে বিচারের মুখোমুখি করতে অভিযান পরিচালনার অনুমতি দিই।" যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী 'নেভি সিল টিম সিক্স'র সদস্যরা ওই অভিযান চালায়। ৪০ মিনিটের গোলাগুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান লাদেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় সোমবার ভোররাতের অভিযানে লাদেনের এক ছেলে, দুই বার্তা বাহক এবং লাদেনকে বাঁচাতে মানবপ্রাচীর হয়ে দাঁড়ানো এক নারী নিহত হন। আহত হয় আরো দুই নারী। ব্যাপক গোপনীয়তা এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, এ অভিযান বিষয়ে কোনো দেশকেই আগে থেকে কিছু বলা হয়নি। এমনকি পাকিস্তান সরকারকেও আগেভাগে কিছু বলা হয়নি। "কেবল আমাদের সরকারের গুটিকয়েক মানুষই এ অভিযান বিষয়ে জানতেন।" বিন লাদেনের মরদেহ সাগরে ওসামা বিন লাদেনের সমাধিস্থল 'সন্ত্রাসীদের তীর্থস্থল' হয়ে উঠুক- তা চায়নি যুক্তরাষ্ট্র। এ কারণে তার মরদেহ সাগরে 'সমাহিত' করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে নিহত হওয়ার পর তার মরদেহ প্রথমে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। পরে তা সাগরে 'দাফন' করা হয়। অবশ্য যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২১০১ ঘ.