ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় দেশ ছাড়ছে সাধারণ মানুষ। সীমান্ত পার হয়ে তুরস্কে আশ্রয় নিচ্ছে তারা।
শনিবার তুরস্কের সরকারি কর্মকর্তারা বলেন, আগের দিন বিকালে সিরিয়া থেকে আড়াইশ মানুষ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ের ইয়ালিডাগিতে ঢুকেছে।
সিএনএনের এক খবরে বলা হয়, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেলকুক উনাল বলেন, "পাসপোর্ট ছাড়াই তারা তুরস্কে ঢুকছে।"
তিনি বলেনন, সীমান্ত পেরোনো এসব মানুষের সংখ্যা এবং তারা কিভাবে ও কেন দেশ ছাড়ছে সে সম্পর্কে খোঁজ খবর নেবে সরকার।
সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং রেড ক্রিসেন্ট এসব মানুষকে সহায়তা করছে বলে জানান তিনি।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে চলমান বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। প্রতিদিন সেখানে বিক্ষোভ এবং বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।
তিউনিসিয়া ও মিশরসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে গণতন্ত্রের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলনে অনুপ্রাণিত হয়ে মার্চের মাঝামাঝি ক্ষমতাসীন বাথ পার্টির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
চার দশকের বেশি সময় ধরে বাথ পার্টির নেতারা সিরিয়ার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24