হেলসিঙ্কি, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাইক্রোসফটের সঙ্গে চুক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সাত হাজার কর্মী কমানোর ঘোষণা দিয়েছে মোবাইল ফোন প্রস্তুতকারী ফিনিস কোম্পানি নোকিয়া।
নোকিয়া বলছে, স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান শক্তশালী করতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি কর্মী কমানোর মাধ্যমে বছরে তাদের একশ' ৪৬ কোটি ডলার ব্যয় কমবে।
আগামী বছর থেকে কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। এর আওতায় নোকিয়ার প্রধান কার্যালয় (ফিনল্যান্ড) থেকে ১৪০০ এবং যুক্তরাজ্য থেকে সাতশ'সহ বিশ্বের বিভিন্ন দেশে নোকিয়ার চার হাজার কর্মীকে ছাটাই করা হবে। আর তিন হাজার কর্মীকে কাজ দেওয়া হবে আউটসোর্সিং ও পরামর্শক গ্র"প অ্যাকসেনচারে।
এ প্রতিষ্ঠানটি নোকিয়া ফোনকে সিমবিয়ান অপারেটিং সিস্টেম থেকে মাইক্রোসফটের উইন্ডোজে রূপান্তরের কাজ করবে।
স্মার্টফোন প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করতে মাইক্রোসফটের সঙ্গে গত ২১ এপ্রিল চুক্তি করে নোকিয়া।
স্মার্টফোনের বাজারে অ্যাপলের আইফোন ও গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় সফটওয়্যার নির্মার্তা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে এই চুক্তি করার সিদ্ধান্ত নেয় নোকিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২০৭ ঘ.
bdnews24