২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সাঁই বাবা

লাখো ভক্তের শ্রদ্ধার মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবা (৮৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

পুত্তাপার্থি, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাখো ভক্তের শ্রদ্ধার মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবা (৮৫)। হৃদরোগে ভুগে রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভক্তদের কাছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাঁই বাবা ছিলেন জীবিত ঈশ্বর। পুত্তাপার্থিতে গুরুর আশ্রমে বুধবার শেষকৃত্যোনুষ্ঠানে লাখো ভক্তের সঙ্গে তিব্বতি ভিক্ষু, হুজুর, শীর্ষ রাজনীতিক ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতা এলকে আদভানিসহ শীর্ষ পর্যায়ের অনেক রাজনীতিকই শেষকৃত্যে যোগ দেন। আগের দিন আশ্রমে গিয়ে গুরুর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন দল কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। সোমবার স্ত্রী কন্যাসহ আশ্রমে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। গুরুর মরদেহ শেষবারের মতো দেখতে রোববার হতে লাখো মানুষ ভিড় জমায় পুত্তাপার্থি শহরে। মানুষের ভিড়ে শহরে যানবাহন ঢোকা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাতে শহরটি ঢোকার সড়কে কয়েক কিলোমিটার জুড়ে ভক্তদের লাইন লেগে ছিলো এ কয়দিন। শেষকৃত্যানুষ্ঠানটি শহরের চারপাশে বড় পদায় দেখানো হয়। কিডনি ও শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে গতমাসে অন্ধপ্রদেশের অনন্তপুর জেলার পুত্তাপার্থি শহরের একটি হাসপতালে ভর্তি হয়েছিলেন সাঁই বাবা। বলিউড তারকা ও ভারতের শীর্ষ পর্যায়ের রাজনীতিকরাসহ বিশ্বব্যাপী কোটি ভক্ত রয়েছে গুরুর। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িও ছিলেন বাবার ভক্তদের তালিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৯২২ ঘ.