আম্মান, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার দেরা ও দোউমায় আরো সেনা ও ট্যাংক সমাবেশ ঘটানো হচ্ছে। পরিপূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যেই দামেস্কর শহরতলী দোউমায় পৌঁছেছে শ'শ' সেনা। এছাড়াও দেরা ও দোউমা অভিমুখে অন্ততপক্ষে ৩০ টি ট্যাংকের বহর এগুচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
দামেস্কর উত্তরপশ্চিম দিক থেকে এগিয়ে চলেছে এ ট্যাংকের বহর। দোউমায় রাতভর সেনা সমাবেশ ঘটানো হয়েছে। ওদিকে, দেরায় ট্যাংক থেকে হামলা চালানো হয়েছে ইতোমধ্যেই। সোমবার দেরায় নিরস্ত্র মানুষের ওপর গুলিবর্ষণ চলেছে।
দেরার মূল প্রবেশপথগুলোতে অবস্থান নেওয়া ট্যাংক থেকে শহরের বিভিন্ন লক্ষ্যস্থলে শেল নিক্ষেপ করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সব দিক থেকেই গুলি চালিয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার দোউমায় ২ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। বসানো চেকপয়েন্ট। ভারি মেশিনগান সজ্জিত কয়েকটি ট্রাকসহ সাদা পোশাকের রাইফেলধারী পুলিশও চোখে পড়ার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
দেরায় গত মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর এখন শহরটির নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। দেরার অধিবাসীরা সোমবার শহরটিতে শ' শ' সেনা উপস্থিতির কথা জানায়।
দোউমায়ও নিরাপত্তা বাহিনী সোমবার দমনাভিযান চালায়। বিভিন্ন ভিডিওচিত্রে বিক্ষোভ মিছিলকারীদের ওপর একের পর এক গুলি চালাতে দেখা গেছে।
তাছাড়া, বিক্ষোভ দমাতে বিভিন্ন শহরে রোববার থেকে ব্যাপক ধরপাকড় শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ঘরে ঘরে তল্লাশি চালিয়ে আটক করা হয়েছে অনেক বিক্ষোভকারীকে।
সিরিয়ায় বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত ৩৫০ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো।
সামরিক শক্তি প্রয়োগ করে সিরিয়ায় বিক্ষোভ দমনাভিযানের নিন্দা জানিয়েছে আরব লীগ। ইউরোপীয় নেতারাও সিরিয়ার প্রতি সহিংস দমনাভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন।
লিবিয়ার মতো সিরিয়ায় আন্তর্জাতিক কোনো হস্তক্ষেপ এ মুহূর্তে অসম্ভব হওয়ায় দেশটির ওপর ইইউ নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা করছে পশ্চিমারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১০ঘ.
bdnews24