আম্মান, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বিক্ষোভকারীদের আটক করতে নিরাপত্তা বাহিনী রাতভর ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। রোববার একথা জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
তারা জানায়, সাদা পোশাকের পুলিশ রাজধানী দামেস্কর উপশহর হারাসাতে রাতভর ঘরে ঘরে তল্লাশি চালিয়ে অনেক বিক্ষোভকারীকে আটক করেছে।
তবে নিরাপত্তা বাহিনীর অভিযানে কতোজন আটক হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা হয়নি।
হাজার হাজার বিক্ষোভকারী রোববার নাওয়া শহরে এক শেষকৃত্যে অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদেও পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বলে জানিয়েছে এক প্রতক্ষ্যদর্শী।
তারা 'সিরিয়া দীর্ঘজীবী হোক', 'বাশার নিপাত যাক' দাবিতে স্লোগান দেয়। শনিবার নাওয়া শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়।
শুক্র ও শনিবার মিলিয়ে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত একশ' ১২ জন নিহত হয়েছে।
শুক্রবার রাজধানী দামেস্কসহ বেশ কয়েকটি শহরে জুমার নামাজের পর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত একশ' মানুষ নিহত হয় বলে জানায় মানবাধিকার গ্রুপগুলো।
শুক্রবারের বিক্ষোভে নিহতদের শেষকৃত্যে অংশগ্রহণকারীদের ওপর শনিবারও গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলিতে নিহত হয় অন্তত ১২ জন।
লাখ লাখ মানুষ শনিবার নিহতদের জানাজায় জড়ো হয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে বিক্ষোভ করে।
দোউমায় শোকার্ত জনতা 'বাশার আল-আসাদ, তুমি প্রতারক! তুমি কাপুরুষ, বাশারের পতন হোক'-বলে স্লোগান দেয়।
বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে শনিবার পার্লামেন্ট সদস্য পদ থেকে পদত্যাগ করেন নাসের আল হারিরি ও খলিল আল-রিফাই। দুজনই দেরা অঞ্চল থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন।
সদ্য পদত্যাগকারী এমপি হারিরি আল জাজিরা টেলিভিশনকে বলেন, আমার সন্তানদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর পার্লামেন্টে থাকার কোনো যৌক্তিকতা নেই।
"আমি পদত্যাগের কথা ঘোষণা করছি।"
অন্য এমপি রিফাই বলেন, "যারা আমাকে পার্লামেন্টে এনেছে তাদের আমি রক্ষা করতে পারিনি।"
সহিংসতা বন্ধের জন্য প্রেসিডেন্ট আসাদের প্রতি আহ্বান জানান তিনি।
মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিক্ষোভের মুখে বৃহস্পতিবার দেশে ৪৮ বছর জরুরি অবস্থা প্রত্যাহার করেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কিন্তু গণতন্ত্রের দাবিতে অনড় বিক্ষোভকারীরা ক্ষমতাসীন বাথ পার্টির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
১৯৬৩ সাল থেকে বাথ পার্টির নেতারা সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় রয়েছে। ৩০ বছর রাষ্ট্রপ্রধান থাকার পর ২০০০ সালে হাফেজ আল-আসাদ মারা গেলে ক্ষমতায় বসেন তার ছেলে বাশার আল-আসাদ।
১৮ মার্চ দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় প্রথম সরকারবিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী সহিংসতা চালালে সারাদেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৩৮ ঘ.
bdnews24