ইসলামাবাদ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন বিমান (ড্রোন) থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলায় ২৫ জঙ্গি নিহত হয়েছে।
শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওই আদিবাসী অঞ্চলের প্রধান শহর মিরানসাহ থেকে ২০ মাইল পূর্বে মির আলি শহরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে জানানো হয়, এই হামলায় সেনা কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন।
জঙ্গিদের একটি গোপন আস্তানা লক্ষ করে এই হামলা চালানো হয় বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান।
ওই কর্মকর্তা বলেন, "জঙ্গিরা ওই আস্তাটি ঘিরে অবস্থান করছিল। সেখানে বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি।"
তিনি আরো বলেন, "২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারীও রয়েছে।"
অপর এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি জঙ্গিও রয়েছেন। তবে তাদের সংখ্যা ও জাতীয়তা তিনি জানাতে পারেন নি।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন ইসলামাবাদ সফরের ঠিক দু'দিন পরেই এ ঘটনা ঘটল।
মুলেন আফগান সীমান্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর ওপর জঙ্গি হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তান তালেবান ও আল কায়েদার অভয়ারণ্য হিসেবে পরিচিত।
গত বছর ওই অঞ্চলে সন্দেহভাজন আল কায়েদা ও তালেবান জঙ্গিদের লক্ষ করে যুক্তরাষ্ট্র শতাধিক অভিযান পরিচালনা করেছে।
গত ১৭ মার্চ উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় ৪০ জন নিহত হয়। তাদের অধিকাংশই ছিল সাধারণ নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৩৫৩ ঘ.
bdnews24