ক্যালিফ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ প্রজন্মের সমর্থন লাভের জন্য প্রচারাভিযানমূলক পরিদর্শনে ফেইসবুকের প্রধান কার্যালয়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে ফেইসবুক কার্যালয় পরিদর্শন করে ওবামা কোটি কোটি ফেইসবুক ব্যবহারকারী তরুণ প্রজন্মকে সংগঠিত করতে চান।
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জয়ের পিছনে বড় ভূমিকা ছিলো এই তরুণদের।
ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সঙ্গে খোলামেলা প্রশ্নোত্তর পর্বের আগে অনুষ্ঠানকক্ষে উপস্থিত ফেইসবুক ব্যবহারকারীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রেসিডেন্ট।
অনুষ্ঠান শুরুর আগে সহাস্যে ওবামা বলেন, "আমার নাম বারাক ওবামা। স্যুট, টাই পরা মার্ককে পাওয়া সৌভাগ্যবান মানুষ আমি।"
এরপরই যুক্তরাষ্ট্রের ব্যাপক বাজেট ঘাটতি কমানোর উপায় নিয়ে জুকারবার্গের সঙ্গে খোলামেলা প্রশ্নোত্তর পর্ব শুরু করেন প্রেসিডেন্ট।
ব্যয় হ্রাস এবং সম্পদশালীদের ওপর কর আরোপ পরিকল্পনার কথা জানিয়ে ওবামা জুকারবার্গকে বলেন, তাদের দুজনকেই আরো বেশি কর দিতে হবে।
"এতে আমার কোনো আপত্তি নেই", বলেন জুকারবার্গ।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন ক্রোসনিক বলেন, জুকারবার্গের সঙ্গে এক মঞ্চে দাঁড়ানো ওবামার তরুণ প্রজন্মের সমর্থন লাভে কাজে লাগবে।
"তরুণ প্রজন্মকে সংগঠিত করার ক্ষেত্রে এটি সবচেয়ে কার্যকর পদক্ষেপ। আবারো নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এই তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
ফেইসবুক কার্যালয়ে সময় কাটানোর পর ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিতে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে যাত্রা করেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪২ ঘ.
bdnews24