২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমায় প্রবেশ-নিষিদ্ধ করলো জাপান

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে ২০ কিলোমিটার (১২ মাইল) এলাকায় জনসাধারণের প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করেছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

টোকিও, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে ২০ কিলোমিটার (১২ মাইল) এলাকায় জনসাধারণের প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করেছে জাপান। ১১ মার্চে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর পরই ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্রের আশেপাশের লোকজনকে সরে যেতে বলা হয়েছিলো। কিন্তু আইন করে সেখানে লোকজনের বাস নিষিদ্ধ করা হয়নি। ফলে বেশিরভাগ মানুষ ওই এলাকা ছেড়ে চলে গেলেও পুলিশ সেখানে বসবাসরত ৬০ টি পরিবারের খোঁজ পেয়েছে এবং কেউ কেউ সম্পত্তির খোঁজে পরবর্তীতে আবারো তাদের বাড়িঘরে ফিরে গেছে বলে খবর পাওয়া গেছে। জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বৃহস্পতিবার ফুকুশিমা পরিদর্শন করার পর সেখানে সাধারণের প্রবেশ আইনত নিষিদ্ধ করার কথা জানান সরকারের প্রধান মুখপাত্র ইউকিয়ো এদানো। ফুকুশিমা পরমাণু চুল্লির তেজস্ক্রিয়তার কয়েকসপ্তাহ পর সরকার এ পদক্ষেপ নিলো। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পরমাণু কেন্দ্রটি এখনো নিরাপদ নয়। আমরা অধিবাসীদেরকে ওই এলাকায় না যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, এখানে এখনো লোকজন আছে।" তিনি আরো বলেন, "আজ আমরা বিপর্যয় আইনের আওতায় এলাকাটিতে জরুরি এলাকা হিসাবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছি। যারা এলাকাটিতে প্রবেশের চেষ্টা করবে তাদেও বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবো আমরা।" আইন ভঙ্গ করলে ১ লাখ ইয়েন (১,২০০ ডলার) জরিমানা হতে পারে কিংবা আইনভঙ্গকারীকে সাময়িকভাবে ৩০ দিন পর্যন্ত আটক করে রাখা হতে পারে বলে তিনি সতর্ক করে দেন। তবে কেউ অস্থাবর সম্পত্তির জন্য বাড়িঘরে ফেরত যেতে চাইলে কিছু সময়ের জন্য সরকারের তত্ত্বাবধানে সেখানে যেতে পারবে বলে জানান এদানো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০২ ঘ.