বেনগাজি, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্যারিসে গেছেন লিবিয়ায় বিদ্রোহীদের নেতা মুস্তফা আব্দেল জলিল। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বুধবার তার সঙ্গে বৈঠকে বসেছেন।
ফ্রান্স লিবিয়ার বিদ্রোহী পরিষদকে স্বীকৃতি জানানোর পর জলিলের সঙ্গে এটিই সারকেজির প্রথম বৈঠক। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির সাবেক বিচারমন্ত্রী ছিলেন জলিল।
বৈঠকে জলিল লিবিয়ায় ন্যাটো বাহিনীর বিমান হামলা আরো বাড়ানোর অনুরোধ জানানোর পাশাপাশি লিবিয়ায় গণতান্ত্রিক উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
তাছাড়া, জলিল ত্রিপালির কর্মকর্তাদের একটি নামের তালিকাও সারকোজিকে দিতে পারেন। গাদ্দাফি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে বিরোধীরা যাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তাদেরই নাম থাকবে এ তালিকায়।
লিবিয়ার বিরোধীপক্ষের ঘনিষ্ঠ এক সূত্র মঙ্গলবার একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৮ ঘ.
bdnews24