কাদুনা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার নির্বাচন পরবর্তী বিক্ষোভ-সহিংসতায় পর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। আটক হয়েছে ৪শ'রও বেশি মানুষ।
শনিবারের নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
উত্তরাঞ্চলীয় কাদুনা শহরের উপপুলিশ কমিশনার নোদিবো একেচুকু বুধবার বলেন, "আমরা চার শতাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছি। তারা পুলিশ হেফাজতে রয়েছে।"
উত্তরাঞ্চলীয় আরেক শহর কানোর পুলিশ কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে।
নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে গুডলাক জোনাথনের জয়ের খবরে রোববার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মাদু বুহারির সমর্থকদের মূল ঘাঁটি উত্তরাঞ্চলীয় শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বুহারি নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলেন। 'বুহারিকে চাই' দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করে সমর্থকরা।
কাদুনায় সোমবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। জারি হয় ২৪ ঘণ্টার কারফিউ। সহিংসতায় অন্তত ৮০ জন নিহত এবং কয়েকশ' মানুষ আহত হয়। এলাকা ছেড়ে পালায় কয়েক হাজার মানুষ।
মঙ্গলবার কাদুনার রাস্তায় ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখার কথা জানায় প্রত্যক্ষদর্শীরা। কাদুনার রাস্তায় পড়ে থাকা লাশ উদ্ধার করেন স্বাস্থ্য কর্মকর্তারা।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে গুডলাক জোনাথন নিকটতম প্রতিদ্বন্দ্বী বুহারির চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে জয়ী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪৭ ঘ.
bdnews24