ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বিদ্রোহী বাহিনীকে পরামর্শ দিতে সেনা কর্মকর্তাদের পাঠাবে যুক্তরাজ্য।
লিবিয়ায় কোনো পদাতিক বাহিনী পাঠানো হবে না বলে পশ্চিমা দেশগুলো বারবার বললেও গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের পরামর্শক হিসেবে সেনা সদস্যদের পাঠানোর সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ মঙ্গলবার বলেন, সেনা কর্মকর্তাদের বিদ্রোহী বাহিনী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে নিয়োজিত করা হবে। বিদ্রোহীদের সামরিক নির্দেশনা দেবে তারা।
তিনি বলেন, সামরিক পরামর্শক দল পাঠাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত হয়েছে।
"অভিজ্ঞ ব্রিটিশ সেনা কর্মকর্তাদের মধ্য থেকে এ কন্টিনজেন্ট বাছাই করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯১৬ ঘ.
bdnews24