সানা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনের হুদাইদা শহরে সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৮৮ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ডাক্তররা একথা জানিয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাদা পোশাকধারী পুলিশ গুলি এবং টিয়ারগ্যাস ছুড়ে। পাল্টা জবাবে পুলিশের দিকে পাথর ছুড়ে বিক্ষোভকারীরা।
শহরের অধিবাসীরা জানিয়েছে, সাদা পোশাকধারী পুলিশ ব্যাট, পিস্তল, পাথর নিয়ে হাজার হাজার বিক্ষোভকারীর ওপর চড়াও হয়।
প্রথম দফা সংঘর্ষে আহত হয় ১৫ জন। দুজন গুলিবিদ্ধ হয়। আর অন্য অনেকেই লাঠি এবং পাথরের আঘাতে আহত হয় বলে জানিয়েছেন ডাক্তাররা। এতে বিক্ষোভকারীরা পিছু হটতে শুরু করে।
কিন্তু পরে দাঙ্গা পুলিশ একদল বিক্ষোভকারীর ওপর গুলি এবং টিয়ার গ্যাস ছুড়লে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা আবার তাদের শিবির থেকে মিছিল শুরু করে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয় ৫ জন। লাঠির আঘাতে এবং টিয়ার গ্যাসের কারণে আহত হয় ৬৮ জন। সংঘর্ষ এখনো চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
ইয়েমেনে প্রেসিডেন্ট সালেহ এর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। চলমান বিক্ষোভ-প্রতিবাদ তিনমাসে গড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০২ ঘ.
bdnews24