ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নয় মাসে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো) বলেছে, তিন মাসের মধ্যে কেন্দ্র থেকে তেজস্ক্রিয়া নিঃসরণের মাত্রা কমিয়ে আনা এবং আরো তিন থেকে ছয় মাসের মধ্যে পরমাণু চুল্লিগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টেপকোর চেয়ারম্যান সুনেহিসা কাটসুমাটা রোববার এক সাংবাদিক সম্মেলনে বলেন, কেন্দ্রটির চারপাশ থেকে সরিয়ে নেওয়া হাজার হাজার মানুষ শিগগিরই ঘরে ফিরতে পারবেন।
"সমস্যা সৃষ্টি হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। পরিস্থিতি আরো খারাপ হওয়া এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি"-বলেন তিনি।
কেন্দ্রটির একটি চুল্লির ভবনের মধ্যে তেজস্ক্রিয়ার মাত্রা ও তাপমাত্রা পরিমাপের জন্য রোববার সেখানে দুটি রিমোট নিয়ন্ত্রিত রোবোট পাঠানোর পরিকল্পনা করেছে টেপকো।
জাপানে ১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট ৩৩ ফুট সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ।
কেন্দ্রটির তিনটি চুল্লিতে বিস্ফোরণ এবং একটিতে আগুন লাগে। শুরু হয় তেজস্ক্রিয়া নিঃসরণ।
২ নম্বর চুল্লির নিকটবর্তী সমুদ্রের পানিতে শুক্রবার সহনীয় মাত্রার সাড়ে ছয় হাজার গুণ বেশি তেজস্ক্রিয়া শনাক্ত হয়েছে। আগের দিন তা সহনীয় মাত্রার ১১শ' গুণ বেশি ছিলো।
এদিকে, দেশটি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভূমিকম্প ও সুনামির ক্ষত কাটিয়ে উঠতে জাপানকে সহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24