ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলীর বিরুদ্ধে হত্যা ও মাদক চোরাচালানসহ ১৮টি অভিযোগ আনা হচ্ছে।
দেশটির বিচারমন্ত্রী লাজহার কারোউই চেব্বি বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, বেন আলী, তার পরিবারের সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে ১৮টি অভিযোগ তোলার প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।
গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি রাতে পালিয়ে সৌদি আরবে যান বেন আলী। তার বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ডিসেম্বরে তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর বেন আলী নিরাপত্তা বাহিনীকে কঠোর হাতে তা দমন করতে বলেন। সে সময় সহিংসতায় ২১৯ জন নিহত হয়।
তিউনিসিয়া কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত বেন আলীর পরিবারের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বিচারমন্ত্রী বলেন, বেন আলী ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করতে ইন্টারপোলের কাছে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ফ্রান্সের লিওতে ইন্টারপোলের সদরদপ্তরে লোক পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২৪৯ ঘ.
bdnews24