টোকিও, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে পরমাণু সংকটের কারণে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য আস্থা চলতি মাসে এতটাই কমে গেছে যে তা রেকর্ড সৃষ্টি করেছে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, পরমাণু বিপর্যয় থেকে উত্তোরণের কোন সম্ভাবনা আপাতত দেখা না যাওয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির অর্থনৈতিক ঝুঁকি কেবল বাড়ছেই।
গত ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের পরমাণু কেন্দ্রে কিছু জ্বালানী রড ক্ষতিগ্রস্থ হয়ে থাকতে পারে বলে এর প্রকৌশলীরা ধারণা করছেন। আর এ কারণে তেজস্ক্রিয়তা নিঃসরণের পরিমাণ আরো বেশি হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা যায়, দেশটিতে শিল্প ও সেবাখাতে উন্নতির সাথে সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আস্থা বাড়ছিলো। কিন্তু এ বছর এই প্রথম তাতে ধস নেমেছে।
বড় বড় চারশ প্রতিষ্ঠানের ওপর এই জরিপ চালানো হয়। বৃহস্পতিবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় ঘটে যাওয়ায় যে বিদ্যূৎ ঘাটতি সৃষ্টি হয়েছে তাতে প্রায় ৬০ শতাংশ স্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বিপত্তি সৃষ্টি হয়েছে।
জাপানে পণ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত হলে তার প্রভাব সারা বিশ্বেই গিয়ে পড়ে।
বিশ্বখ্যাত সনি কর্পোরেশন উৎপাদন বন্ধ রেখেছে ও বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মটর কর্পোরেশন জাপানে ও যুক্তরাষ্ট্রে তাদের কারখানা নিস্ক্রিয় করে রেখেছে।
আইএমএফ সতর্ক করে বলেছে, পরমাণু সংকটের দ্রুত সমাধান এবং বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন ব্যবস্থা আগামী দুই-তিন মাসের মধ্যে স্বাভাবিক করতে না পারলে অর্থনীতির গতি আরো নিুমুখী হবে।
শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামির আঘাতে বিক্ষত জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকট মোকাবেলা করছে। ভূমিকম্প ও সুনামিতে এ পর্যন্ত ২৮ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে।
দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলের অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে এবং ওই অঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে জীব ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/কেএমএস/১৮৫৯ ঘ.
bdnews24