২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে মুখঢাকা বোরকা নিষিদ্ধের প্রতিবাদ, গ্রেপ্তার ২

ফ্রান্সে মুখঢাকা বোরকা নিষিদ্ধের প্রতিবাদ করায় দুই নারীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। এ সংক্রান্ত আইনটি কার্যকর হওয়ার প্রথম দিনই সোমবার প্যারিসে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হন তারা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে মুখঢাকা বোরকা নিষিদ্ধের প্রতিবাদ করায় দুই নারীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। এ সংক্রান্ত আইনটি কার্যকর হওয়ার প্রথম দিনই সোমবার প্যারিসে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হন তারা। ফ্রান্সে এই আইনের বিরুদ্ধে যেকোনো ধরনের প্রতিবাদ-বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। টাইম সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স সোমবার থেকে প্রকাশ্যে স্থানে মুখঢাকা বোরকা পরে বের হওয়া নিষিদ্ধ করেছে। গত অক্টোবরে ফরাসি পার্লামেন্টে এ সংক্রান্ত আইনটি পাস হয়। এ আইনের আওতায় কোনো নারী প্রকাশ্য স্থানে যেমন রাস্তায় বা পার্কে মুখঢাকা বোরকা বা নিকাব পরে বের হলে তাকে দেড়শ' ইউরো জরিমানা করা হবে এবং তাকে ফরাসি নাগরিকতা বিষয়ে পাঠ নিতে হবে। আর কেউ মুখঢাকা বোরকা বা নিকাব পরতে কোনা নারীকে বাধ্য করলে তাকে ৬০ হাজার ইউরো জরিমানা এবং দুই বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার প্যারিসের কেন্দ্রস্থলে নতর দাম কাথিড্রালের সামনে এ আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করার সময় ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার প্যারিসে বিক্ষোভ করতে গিয়ে মুখঢাকা বোরকা পরা ১৯ নারীসহ ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, এ আইনের প্রতিবাদে বেআইনিভাবে বিক্ষোভ-সমাবেশ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনটি কার্যকর করার ক্ষেত্রে পুলিশকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, রাস্তা, বিপণিবিতান বা জনসমাগমস্থলে কোনো নারী মুখঢাকা বোরকা পরে বের হলে সেখানে তাকে কিছু না বলে থানায় নিয়ে যেতে হবে। পরিচয় জানার জন্য থানায় তার বোরকা সরাতে বলা হবে। ডয়চে ভেলে'র খবরে বলা হয়, ফ্রান্সে ৫০ লাখ মুসলমান বসবাস করে, যা পশ্চিম ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে সেদেশে দুই হাজারেরও কম নারী মুখঢাকা বোরকা বা নিকাব পরে থাকে। ফ্রান্সে মুখঢাকা বোরকা বা নিকাব নিষিদ্ধ করে আইন পাসের পর এ নিয়ে ইউরোপজুড়ে বিতর্কের ঝড় উঠে। এর বিরোধীরা বলছে, এতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/এইচএ/২০১০ ঘ.