ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজায় গত কয়েকদিনে ইসরাইলি বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছে।
শনিবারও ইসরাইলি বিমান থেকে গাজায় হামলা চালানো হয়। এতে হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।
বিবিসি অনলাইন জানায়, হামাস জঙ্গিদের নিক্ষিপ্ত মর্টার শেলে বৃহস্পতিবার দক্ষিণ ইসরাইলে একটি স্কুলবাস ক্ষতিগ্রস্ত হয়। এতে ১৬ বছরের এক কিশোর আহত হয়।
এ ঘটনার পাল্টা ব্যবস্থা হিশেবে বৃহস্পতিবার থেকে ইসরাইলি বিমান বাহিনী গাজা ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এতে ওই অঞ্চলের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।
শনিবার গাজার রাফা শহরে একটি গাড়ি লক্ষ করে একটি ইসরাইলি জঙ্গিবিমান থেকে হামলা চালানো হলে ওই দুই হামাসকর্মী নিহত হন।
বৃহস্পতিবার থেকে শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাজায় ইসরাইলি বিমান হামলায় ১৬ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।
এরমধ্যে বৃহস্পতিবার পাঁচজন, শুক্রবার নয় জন এবং শনিবার সকালে দু'জন নিহত হন।
বৃহস্পতিবার রাতে, গাজা শাসনকারী হামাসের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়, গাজার বিভিন্ন জঙ্গি দলগুলোর সাথে আলোচনার পর সবাই একটি যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছে।
তবে ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০১ ঘ.
bdnews24